দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির বাস্তবায়নে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের পর প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘমেয়াদে পুনর্বাসনের প্রক্রিয়ায় অগ্রগতি কম। সময়ের ব্যবধানে প্রতিশ্রুতি পূরণে সব পক্ষই পিছিয়ে যাচ্ছে। এ কারণে ক্ষতিপূরণের অর্থও বুঝে পায়নি হতাহতের পরিবার। আহতরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সংলাপে এমন অভিমতই উঠে এসেছে।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান পুনর্বাসন প্রক্রিয়ায় তদারকি, সমন্বয় ও প্রতিশ্রুতি পূরণে একটি উচ্চপর্যায়ের কমিশন গঠনের প্রস্তাব করেছেন। সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে এই কমিশন গঠনের প্রস্তাব করেন তিনি।

রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে রানা প্লাজা দুর্ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার এই সংলাপের আয়োজন করা হয়। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সাংসদ শিরিন আখতার, শ্রমসচিব মিকাইল শিপার প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

সিপিডির চেয়ারম্যান বলেন, রানা প্লাজার ধসের ঘটনায় হতাহতদের সহায়তার জন্য দেশ-বিদেশ থেকে যেসব অর্থ সাহায্য পাওয়া গেছে সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এসব অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার।

সিপিডি আহতদের জন্য দুই বছরের একটি পরিকল্পনা প্রণয়ন, ২৪ এপ্রিলকে শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণা, দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ ও নিরাপত্তা কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব করে।

সাংসদ শিরিন আখতার বলেন, যদি রানা প্লাজার ওই পাঁচ কারখানায় ট্রেড ইউনিয়ন থাকত, তবে শ্রমিকদের কাজে যেতে বাধ্য করা যেত না।

মিকাইল শিপার বলেন, রানা প্লাজা দুর্ঘটনার জন্য সরকারের দায়িত্ব সবার আগে। তিনি বলেন, ‘আমরা যথাযথ দায়িত্ব পালন করতে পারিনি।’

বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন পোশাকশিল্পের রপ্তানি প্রবৃদ্ধিসহ পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, এখন বেশির ভাগ পোশাক কারখানার প্রধান ফটকে লেখা থাকে ‘কর্ম খালি নাই’।

শ্রমিকনেত্রী নাজমা আক্তার বলেন, ক্ষতিপূরণ ও সহায়তা এক নয়। তাঁর মতে, ক্ষতিপূরণ অবশ্যই কারখানা মালিকপক্ষ ও ক্রেতাদের দিতে হবে।

প্রবন্ধে বলা হয়, আইনি বিষয়গুলো বাস্তবায়ন করা যায়নি। ভবন ধসের জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী, সে বিষয়ে তদন্তকাজ শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ছাড়া ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্ট থেকেও সিদ্ধান্ত আসেনি। সেই সিদ্ধান্তে কার কত দায়, সে বিষয়টি উল্লেখ থাকা দরকার। কারণ সবাই ক্ষতিপূরণের জন্য ক্রেতাদের দিকে তাকিয়ে আছে।