দীর্ঘমেয়াদি সমাধানে যশোরে জাতীয় কর্মশালা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধানে কারিগরি ও পরিবেশবান্ধব পরিকল্পনা এবং সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ওপর জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই কর্মশালা শুরু হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালায় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর-৪ আসনের সাংসদ রণজিৎ কুমার রায়, যশোর-৫ আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান উপস্থিত থাকবেন।
কর্মশালায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর। কর্মশালায় ভবদহ অঞ্চলের জনগণ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হবে।
কর্মশালার উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, কর্মশালায় স্বাগত বক্তব্য দেবেন পাউবোর অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) আবদুর রহমান আকন্দ। সমীক্ষা প্রকল্পের ফলাফলের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের পোর্ট অ্যান্ড ইস্টুয়ারি ডিভিশনের পরিচালক (কোস্ট) জহিরুল হক খান।
সমীক্ষা প্রকল্পের ওপর আলোচনা করবেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির, ভবদহ কলেজের অধ্যক্ষ আবদুল মতলেব সরদার, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরল হক মোল্যা, মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, অভয়নগরের পায়রা ইউপির চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, মনিরামপুরের নেহালপুর ইউপির চেয়ারম্যান নাজমুস সাদাৎ, মনোহরপুর ইউপির চেয়ারম্যান মশিউর রহমান এবং কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউপির চেয়ারম্যান আবদুস সামাদ। এরপর বিষয়ভিত্তিক উন্মুক্ত আলোচনা হবে।