দীর্ঘমেয়াদি সমাধানের আভাস মিলল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন-সংকট নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত শুক্রবার বসলেন ১৭টি দেশের প্রতিনিধিরা। ওই সম্মেলন থেকে তাৎক্ষণিকভাবে সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেলেও সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের কোনো আভাস মিলল না।
সম্মেলনের আয়োজক থাইল্যান্ড অবশ্য দিনব্যাপী ওই সম্মেলনের আলোচনাকে ‘দারুণ গঠনমূলক’ আখ্যা দিতে পারে। বলতে পারে, সাগরে নৌযানে এখনো ভাসমান প্রায় আড়াই হাজার অভিবাসীকে মানবিক সহায়তা দেওয়ার ব্যাপারে বৈঠকে রাজি হয়েছেন ১৭ দেশের প্রতিনিধিরা। এ ছাড়া ইতিমধ্যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে উদ্ধার হওয়া অভিবাসীদেরও সহায়তা দিতে একমত হয়েছেন তাঁরা।
বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমার থেকে ইতিমধ্যে নৌযানে ওঠা অভিবাসনপ্রত্যাশীদের সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হলেও সংকটের মূল কারণ নিয়ে কাজ করার বিষয়টি অস্পষ্টই থেকে গেছে; যা অসন্তুষ্ট করেছে সম্মেলনে যোগ দেওয়া আন্তর্জাতিক অনেক সংস্থাকে। খবর: রয়টার্স, ব্যাংকক পোস্ট, এএফপি ও দ্য হিন্দুর।
তবে ব্যাংকক সম্মেলনে অংশ নেওয়া কয়েকজন কূটনীতিক ভিন্নমত পোষণ করেন। তাঁদের মতে, থাইল্যান্ডের রাজধানীতে গত শুক্রবারের আলোচনায় দীর্ঘ মেয়াদে অভিবাসন সমস্যার সমাধানের সুযোগ তৈরি হবে। কারণ, ভারত মহাসাগরের সাম্প্রতিক মানব পাচারের সমস্যাটি এখন ভূমধ্যসাগরীয় অঞ্চলের সমস্যার সঙ্গে তুলনা করা হচ্ছে। এরই মধ্যেই বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনায় অন্তর্ভুক্ত হয়েছে। এ অঞ্চলের মানব পাচারের সমস্যার সমাধানে উৎস খোঁজারও তাগিদ এসেছে। ব্যাংকক বৈঠকের ধারাবাহিকতায় এর পর্যালোচনা বৈঠক হবে আগামী দিনে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়ার উপপরিচালক ফিল রবার্টসন ব্যাংককের আলোচনাকে ‘মারাত্মক জখমের ওপর হালকা ব্যান্ডেজের’ সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘বিবৃতিতে এমনকি রোহিঙ্গা শব্দটি উল্লেখ করা হয়নি...আপনি যদি কারও নাম না ধরেন, তাহলে তার বিষয়ে কীভাবে আলোচনা করবেন।’
মিয়ানমারের আপত্তির কারণে বৈঠকে রোহিঙ্গা শব্দটি উল্লেখ করা হয়নি। এর আগে দেশটি হুমকি দিয়েছিল, সম্মেলনে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করা হলে তারা এমনকি ব্যাংকক সম্মেলনে যোগ না-ও দিতে পারে। মিয়ানমার ১৩ লাখ রোহিঙ্গা মুসলমানের নাগরিকত্ব স্বীকার করে না। রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সরকারের আচরণ যে অভিবাসী-সংকটের অন্যতম মূল কারণ, সে অভিযোগও মানতে চায় না দেশটি।
শুক্রবারের সম্মেলনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ভলকার তুর্ক বলেন, মূল কারণ নিয়ে আলোচনা না করলে কোনো সমাধান আসবে না। তিনি বলেন, ‘মিয়ানমারের সব জনগণের দায়িত্ব মিয়ানমারকেই নিতে হবে। চূড়ান্ত লক্ষ্য হলো নাগরিকত্ব অনুমোদন।...মৌলিক স্বাধীনতার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’
বাংলাদেশের ক্ষেত্রে সংকটের মূল কারণ হিসেবে দারিদ্র্য ও মিয়ানমারের ক্ষেত্রে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্মম নির্যাতন-নিপীড়ন, বহুমুখী বৈষম্যকে বিবেচনা করে থাকেন বিশেষজ্ঞরা।
ভলকার তুর্কের বক্তব্যের পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন মিয়ানমারের প্রতিনিধি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এইচটিন লিন। তিনি বলেন, মি. টুর্ককে ‘আরও জানতে হবে’। এইচটিন লিন ইউএনএইচসিআরের প্রতিনিধির উদ্দেশে বলেন, নৌকায় অবৈধ অভিবাসী নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, তার জন্য এককভাবে মিয়ানমারকে দোষ দেওয়া যাবে না।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, রোহিঙ্গা-সংকট সমাধানে ভারসাম্যপূর্ণ পথ খুঁজতে হবে। ব্যাংকক সম্মেলনে আইওএমের পরিচালক উইলিয়াম ল্যাসি বলেন, তিনি এই সম্মেলনকে ২০ মে পুত্রজায়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের আলোচনার ধারাবাহিকতা বলে মনে করেন। ব্যাংকক সম্মেলনের পরও এই আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি।
ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টসের (আইসিজে) এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের পরিচালক স্যাম জারিফি বলেন, মিয়ানমারকে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিল করতে হবে।
জাতিসংঘের আহ্বান: সাগরে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মানবিক সংকট থেকে উদ্ধার করতে ‘সমন্বিত পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইউএনএইচসিআরের মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার বলেন, ‘সাগরে দীর্ঘদিন ধরে নৌকায় ভাসতে থাকা মানুষগুলোর জীবন বাঁচানো এই মুহূর্তের অগ্রাধিকারমূলক কাজ বলে মনে করি। কিন্তু দীর্ঘমেয়াদি সমাধানের জন্য মূল কারণ নিয়ে কথা বলতে হবে। যেখানে রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা ও রোহিঙ্গাদের নাগরিকত্ব নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষকে আলোচনা করতে হবে।’
সাগরেই ভাসছে নৌকাটি: শুক্রবার সাত শতাধিক অভিবাসীসহ যে নৌকা উদ্ধার করার দাবি করে মিয়ানমার, গতকাল শনিবারও সেটি সাগরে ভাসছিল। নৌকাটি কোথায় নিয়ে যাওয়া হবে, সেটা এখনো নিশ্চিত করে বলেনি তারা। উদ্ধারের পর মিয়ানমার দাবি করেছিল, নৌকায় থাকা সবাই বাংলাদেশি।