দীর্ঘসূত্রতা, অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য-বিষয়ক প্রকল্প (এমএমসিএইচ) বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিসেফের সহায়তায় জেলার আটটি উপজেলায় মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য-বিষয়ক প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ জন্য ৬৬ লাখ দুই হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই টাকা খাতওয়ারি গত জুন মাসের মধ্যে খরচ করতে বলা হয়েছিল। কিন্তু দুই মাস সময় বাড়িয়ে এ প্রকল্পের কাজ ৩১ আগস্ট সম্পন্ন করার কথা। নির্দেশনা অনুযায়ী আইপিএস, আসবাবপত্র, ওষুধ, রক্তসঞ্চালন সেট, ব্যাগ, রি-এজেন্ট, কর্মচারীদের বেতন, মূল্যায়ন, সভা, প্রসূতিদের ব্যবহূত কক্ষ ও আনুষঙ্গিক দ্রব্যসামগ্রী মেরামত ও তৈরি করা, যোগাযোগ, বিশেষ দিবস উদ্যাপন, পরামর্শ ও ব্যবস্থাপনা শক্তিশালী করা বাবদ এ অর্থ ব্যয় করার কথা।অভিযোগ উঠেছে, সিভিল সার্জন কার্যালয় নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শুরুও করেনি। ফলে দুই মাস সময় বাড়ানোর আবেদন করে ৩১ আগস্ট পর্যন্ত সময় নেওয়া হয়েছে। প্রকল্পের বিভিন্ন খাতে বরাদ্দ টাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে সরাসরি দেওয়া হয়নি। বরং সিভিল সার্জনের আস্থাভাজন সদর উপজেলার বিলমামুদপুর উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী মো. ওহিদুর রহমানকে দিয়ে স্পট কোটেশনের মাধ্যমে দ্রব্যসামগ্রী কিনে উপজেলা পর্যায়ে সরবরাহ করা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলায় এ প্রকল্পের কার্যক্রমই শুরু হয়নি। তবে অন্যান্য উপজেলায় কোটেশনের মাধ্যমে দ্রব্যসামগ্রী কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো উদ্যোগ নিইনি। চিন্তাভাবনা করছি।’ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরান আলী জানান, কোটেশনের মাধ্যমে চিকিৎসা সহকারী মো. ওহিদুর রহমানের মাধ্যমে ইলেকট্র ট্রেডার্স কাজটি পেয়েছে। বিলমামুদপুর উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী মো. ওহিদুর রহমান বলেন, ‘আমি এ কাজের ঠিকাদারি করছি না। আমার ভাই কাজ পেয়েছে, আমি স্বাস্থ্য বিভাগের কর্মী হিসেবে তাঁকে সাহায্য করছি মাত্র।’ সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার বলেন, অন্য জেলার তুলনায় ফরিদপুরে কাজ ভালো হচ্ছে। উপজেলা পর্যায়ে টাকা ভাগ করে দিয়ে অনেক সিভিল সার্জনই বিপদে পড়েছেন। আলফাডাঙ্গা উপজেলায় প্রকল্পের কাজ শুরু হয়েছে কি না, আমার জানা নেই। আর কোনো চিকিৎসা সহকারী কাজ পেয়েছেন কি না, বা কাজ করছেন কি না তাও আমি জানি না।’