দীর্ঘসূত্রতা ও অতি খরচে দরিদ্ররা বিচারবঞ্চিত
প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, বিদ্যমান বিচারব্যবস্থার মূল সমস্যা হচ্ছে বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ ও জটিলতা। এর ফলে জনসংখ্যার একটা বড় অংশ, অর্থাত্ দরিদ্ররা বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।প্রধান বিচারপতি আদালতে মামলাজট কমানোর লক্ষ্যে গ্রাম আদালত-ব্যবস্থা পুনরুজ্জীবিত করার পরামর্শ দেন। তিনি বলেন, এতে দরিদ্রদের ওপর মামলা পরিচালনার খরচের চাপ কমবে। উচ্চ আদালতেও চাপ কমবে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘এক্সেস টু জাস্টিস’ শীর্ষক এক গবেষণার ওপর আলোচনা সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। গবেষণাটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদ। সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম।প্রধান বিচারপতি আরও বলেন, দেশের অধিকাংশ বিচারপ্রার্থী দরিদ্র। কিন্তু দরিদ্রদের জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া আইনি সহায়তা তহবিল অব্যবহূত থেকে যাচ্ছে। আইনজীবীদের এ তহবিল ব্যবহার করে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।সভায় আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ বিদ্যমান কোর্ট ফি বাতিল করার পরামর্শ দেন। তিনি বলেন, এটা বিচার পাওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা। সাধারণ মানুষ সংবিধান-স্বীকৃত অধিকার সম্পর্কে সচেতন নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের অধিকার সম্পর্কে না জানাতে পারলে বিচার-প্রক্রিয়া থেকে তারা দূরে থেকে যাবে। তিনি বিচারব্যবস্থার সংস্কারের ওপরও জোর দেন।গবেষণা প্রতিবেদনে বশির আহমেদ বলেন, আদালতে মামলাজট বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা। ২০০৯ সালের শুরুতে হাইকোর্ট বিভাগে দুই লাখ ৯১ হাজার ২৪টি মামলা অনিষ্পন্ন ছিল। ওই বছর নতুন মামলা হয় ৫২ হাজার ৪২০টি। বছর শেষে মামলা নিষ্পত্তি হয় মাত্র ২১ হাজার ৬৬৪টি। অর্থাত্ অনিষ্পন্ন থেকে যায় তিন লাখ ২২ হাজার ১৮০টি মামলা। এ ধরনের অবস্থা জেলা দায়রা জজ আদালতেও।বিচারকের স্বল্পতা, বিচারপ্রার্থীদের দারিদ্র্য ও অসচেতনতা, বিচারব্যবস্থায় বাজেট স্বল্পতা, বিচারপ্রার্থীর সংখ্যা বৃদ্ধিকে মামলাজটের কারণ হিসেবে গবেষণায় উল্লেখ করা হয়েছে।যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান যশোয়া ক্যাস্টেলিনো বলেন, বিচারব্যবস্থায় যে হারে বিচারপ্রার্থী আসছে, সে হারে এর সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে না। এ জন্য মামলাজট হচ্ছে। আর মামলাজটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্ররা।