আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, মামলার দীর্ঘসূত্রতার কারণে বিচারপ্রার্থীরা প্রায়ই হয়রানির শিকার হন। এ ছাড়া, বিচারকাজ বিলম্বিত হওয়ায় অনেক সময় সাক্ষী হারিয়ে যান। এতে মামলার উদ্দেশ্যই বিঘ্নিত হয়। বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত করতে যথাসময়ে বিচারকাজ শেষ করতে হবে। বিচারক ও আইনজীবীদের দায়িত্ববোধ থেকেই সেটা করতে হবে।মানিকগঞ্জে জেলা আইনজীবী সমিতির দুই নম্বর ভবনের (পুনর্নির্মাণ) ভিত্তিপ্রস্তর উন্মোচন উপলক্ষে গতকাল বুধবার বিকেলে এক মতবিনিময় সভায় মন্ত্রী ওই সব কথা বলেন। মতবিনিময় সভায় সমিতির সহসভাপতি মো. রমজান হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা জজ এ কে এম মোস্তফা দেওয়ান, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ আনোয়ারুল হক, জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, পুলিশ সুপার মোহামঞ্চদ আলী মিয়া ও সরকারি কৌঁসুলি আবদুস সালাম। আইনমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন যথাসময়ে না পাওয়া মামলার দীর্ঘসূত্রতার অন্যতম কারণ। তদন্ত প্রতিবেদনের কারণে প্রায়ই বিচারকাজও বিলম্বিত হয়। তিনি বলেন, মামলা দায়েরের সাত দিনের মধ্যে সমন জারি করতে হবে। এ ব্যাপারে আইন সংশোধন করা হয়েছে। এই সময়ের মধ্যে সমন জারি না হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে ওই সংশোধনীতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। মন্ত্রী বলেন, বিচারকাজ বিলম্ব হওয়ার ফলে গ্রেপ্তারের পর কোনো কোনো আসামি দুই বছরও কারাগারে থাকেন। অথচ বিচার শেষে দেখা যায়, সংশ্লিষ্ট মামলায় ওই আসামির ছয় মাসের কারাদণ্ড হয়। এটা বিচার বিভাগের সুনাম বয়ে আনে না। পরে মন্ত্রী জেলা আইনজীবী সমিতির ভবন পুনর্নির্মাণকাজের জন্য সাত লাখ টাকার চেক প্রদান করেন। এর আগে দুপুরে তিনি মানিকগঞ্জের কৃতী শিক্ষার্থীদের মধ্যে এক বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে যোগ দেন। ‘অধ্যাপক মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ বৃত্তি’ পরিচালনা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রীপত্নী মাহফুজা খানমের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ আনোয়ারুল হক, সাংসদ এস এম আবদুল মান্নান প্রমুখ।