দু-এক দিনের মধ্যেই আচরণবিধি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি জানান, আচরণবিধিতে আইনসংগত ও যুক্তিসংগতভাবে নির্বাচন-পূর্ব সময়কে সংজ্ঞায়িত করা হবে। শাহনেওয়াজ গতকাল সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এ নির্বাচনের ক্ষেত্রে সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার বা সংসদ ভেঙে যাওয়ার পর থেকে পরবর্তী নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সময়কে নির্বাচন-পূর্ব সময় হিসেবে উল্লেখ ছিল।
মো. শাহনেওয়াজ বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন ৯০ দিনের দিন গণনা শুরু হয়ে গেছে। ৯০ দিনের মধ্যেই নির্বাচন করা হবে। সুবিধাজনক অবস্থায় তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রশাসনে রদবদল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজন হলেই বদলি বা অন্যান্য রদবদল করা হবে। তিনি আরও বলেন, তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত ৪০/৪৫ দিন সময় লাগে। এ সময়ে সব ধরনের টাকা ছাড় করা বন্ধ করলে তা দেশে অচলাবস্থার সৃষ্টি করবে কি না, তাও বিবেচনা করা হবে।