আজ বা কালের মধ্যে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে জমা দেওয়া আবেদনপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। জেলা আওয়ামী লীগের নেতারা সাবেক ছাত্রনেতাদের নিয়ে বৈঠক করে কমিটি ঘোষণা করবেন।আবেদনকারী ৪৮০ জনের মধ্যে বয়স, বিবাহিত ও তথ্য ভুল দেওয়ার কারণে ১৭৪টি আবেদন বাতিল করেছে যাচাই-বাছাই কমিটি।জেলা ছাত্রলীগ জানায়, প্রাথমিক বাছাইতে শিক্ষাগত যোগ্যতা, ভুয়া কাগজপত্র, ২৯ বছরের বেশি বয়স এবং বিবাহিত হওয়ায় ওই আবেদনপত্রগুলো বাতিল করা হয়। এ ছাড়া বিএম কলেজের অবৈধ কর্মপরিষদের নেতা-কর্মীদের বেশ কিছু আবেদন পৃথক করে রাখা হয়েছে। ওই পরিষদের সহসভাপতি মঈন তুষার এবং সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাত আবেদনপত্র জমা দেননি।জেলা ছাত্রলীগের অন্য একটি সূত্র জানায়, বিএম কলেজে গঠিত অবৈধ কর্মপরিষদ থেকে নেতা-কর্মীদের পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা পদত্যাগ না করায় তাঁদের জমা দেওয়া ১৫টি আবেদনপত্র আলাদা রাখা হয়েছে।২ ও ৩ জুলাই বরিশাল জেলা কার্যালয়ে জমা দেওয়া ৪৮০টি আবেদন যাচাই-বাছাই শুরু হয়। ৬ জুলাই প্রাথমিক বাছাইয়ের পর ৩০৬টি আবেদন বৈধ বলে বিবেচিত হয়েছে। বৈধ আবেদনের মধ্যে বিএম কলেজের ১৩৭টি, সরকারি বরিশাল কলেজের ৪৫, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ৫০, পলিটেকনিক ইনস্টিটিউটের ১১, মেডিকেল কলেজের ২৬টি এবং অন্যান্য প্রতিষ্ঠানের ৩৭টি আবেদনপত্র রয়েছে।জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিলন ভূঁইয়া বলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাদের নিয়ে যাচাই-বাছাই করা আবেদনপত্রগুলো ঢাকায় পাঠিয়েছেন। শিগগির কমিটি ঘোষণা করা হবে।