দু-এক দিনের মধ্যে বিএনপির কর্মসূচি চূড়ান্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-এক দিনের মধ্যেই আন্দোলন কর্মসূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী বাস্তুহারা দলের নবগঠিত কমিটি নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে এরই মধ্যে বিএনপির চেয়ারপারসন দলের স্থায়ী কমিটির সদস্য এবং চারদলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেছেন। সমমনা দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। এ আলোচনা শেষ হলে দু-এক দিনের মধ্যে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করা হবে। বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ঐক্য অটুট আছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে সরকার বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে। মির্জা ফখরুল সরকারের নানামুখী ব্যর্থতার কথা তুলে ধরেন এবং এর বিরুদ্ধে বিএনপির আন্দোলনে আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতাদেরও পাশে পাওয়ার আশা প্রকাশ করেন। তিনি বলেন, সংসদ ও সংসদের বাইরে সরকারদলীয় যেসব নেতা সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করছেন, তাঁদের অনেকেই বিএনপির সঙ্গে আলোচনা করছেন। আশা করছি, সরকারের নানামুখী ব্যর্থতা ও দুর্নীতির বিরুদ্ধে তাঁরাও বিএনপির আন্দোলনে সমর্থন দেবেন।এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম প্রমুখ।