দু-একজনের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ সরকারের দু-একজনের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। তিনি বলেন, ‘দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সরকারের একজন মুখপাত্র। এ ছাড়া প্রধানমন্ত্রীর তথ্যসচিব আছেন। আর আমিও তথ্যমন্ত্রী। এর বাইরে অন্য কেউ কিছু বললেও তা সরকারের বক্তব্য ধরে নেওয়া সঠিক হবে না।’ তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকেরা সরকারের ভুলত্রুটি নিয়ে লিখলে সরকার মনঃক্ষুণ্ন হয় না। বরং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। সুতরাং সাংবাদিকদের উচিত সঠিক সত্য তুলে ধরা।ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সেরা রিপোর্ট বিজয়ী-২০০৯-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পথিক সাহা এবং সভাপতিত্ব করেন সভাপতি শামীম আহমেদ। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকেরা সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি যদি সমস্যা সমাধানের পরামর্শ দেন, সরকার তাও বিবেচনা করে দেখবে। তিনি বলেন, সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে বলেই সংসদের প্রথম অধিবেশনে তথ্য অধিকার আইন পাস করা হয়েছে। একটি তথ্য কমিশনও গঠন করা হয়েছে। এখন এই আইন নিয়ে সাংবাদিকদের উচিত ব্যাপক প্রচারণা চালানো। যাতে সবাই এর সুযোগ নিতে পারে এবং সচেতন হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সাংবাদিকতায় গুণগত পরিবর্তন এসেছে। এখন সাংবাদিকেরা অনেক গভীরে যান। শিক্ষাবিষয়ক প্রতিবেদকদের প্রশংসা করে তিনি বলেন, তাঁরা এখন অনেক কিছু জানেন এবং বোঝেন। তাঁদের লেখায় সরকারের ভুলত্রুটির কথা থাকলে সেগুলো পড়ে তিনি উপকৃত হন। অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট ও অর্থের চেক দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাষ্ট্রপতির সৌজন্যে শিক্ষাবিষয়ক রিপোর্টের জন্য দি নিউ এইজ-এর সিদ্দিকুর রহমান খান, ঢাকা সিটি করপোরেশনের সৌজন্যে অনুসন্ধানী বিষয়ে টিভি রিপোর্টের জন্য এটিএন নিউজের মুন্নী সাহা, এফবিসিসিআইয়ের সৌজন্যে অনুসন্ধানী অর্থনৈতিক বিষয়ে রিপোর্টের জন্য যুগান্তর-এর হেলাল উদ্দিন, নাভানার সৌজন্যে ক্রীড়া বিষয়ে রিপোর্টের জন্য যায়যায়দিন-এর তরুণ সরকার, শহীদ জায়া হাসনা হেনা কাদির স্মৃতি পরিষদের সৌজন্যে মুক্তিযুদ্ধ বিষয়ে রিপোর্টের জন্য কালের কণ্ঠ-এর আজিজুল পারভেজ এবং ডিসিসিআইয়ের সৌজন্যে অবজেকটিভ ইকোনমিক রিপোর্টের জন্য প্রথম আলোর শওকত হোসেন।