বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, দু-একটা বাস-গাড়ি ভাঙলে হবে না। ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মীকে রাস্তায় নেমে আসতে হবে।
গতকাল বুধবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা ফখরুল ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির অনেক নেতা কারাগারে। ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার। এ অবস্থায় ছাত্রদলের নেতা-কর্মীরা ঘরে বসে থাকতে পারে না। তাঁদের বিক্ষোভে ফেটে পড়তে হবে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সংগঠন নেই, সেখানে সংগঠন তৈরি করা এবং যেখানে আছে, সেখানে সংগঠনকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন মির্জা ফখরুল। একই সঙ্গে ‘উত্তর-দক্ষিণ আর ভাইয়ের নামে’ স্লোগান না দিয়ে গণতন্ত্র রক্ষার স্লোগান দেওয়ার জন্য তিনি ছাত্রদলের প্রতি আহ্বান জানান।
কর্মীদের উদ্দেশে ফখরুল ইসলাম বলেন, কেক কেটে তারেক রহমানের স্তুতি করলে হবে না। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সংকট উত্তরণে আন্দোলন বেগবান করতে হবে।
নির্বাচনকালীন সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এ সরকার নির্বাচনকালীন সর্বদলীয় সরকার নয়, এটি মহাজোটের পুনর্গঠিত রূপ। মহাজোটের অংশীদার ছাড়া আর কোনো দল এখানে নেই। সংসদে যতগুলো দল প্রতিনিধিত্ব করছে, তার অর্ধেকই এখানে নেই।
ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এর আগে গত রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন খালেদা জিয়া।