দু-একদিনের মধ্যে সড়ক মেরামত শেষ হবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়ক মেরামতের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বাকি ২০ শতাংশ কাজ দু-একদিনের মধ্যে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। খবর বাসসের।

আজ সোমবার রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকায় সড়ক মেরামত ও ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

কিছুসংখ্যক গণমাধ্যম সড়ক-মহাসড়কের তিন বছরের পুরোনো ছবি প্রকাশ করছে বলে তিনি অভিযোগ করেন। মন্ত্রী বলেন, ‘তারা রাজনৈতিক উদ্দেশ্যে তিন বছর আগের রাস্তাঘাটের ছবি দিয়ে নিউজ করছে। সড়কের খানাখন্দ ও বেহাল অবস্থার পুরোনো ছবি প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি এর প্রতিবাদও করব না, বিচারও চাইব না, আল্লাহ তাদের হেদায়েত করবেন।’

মন্ত্রী বলেন, যারা কাজে গাফিলতি করবে, তাত্ক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন মহাসড়ক চার লেনে সম্প্রসারণসহ যেসব সংস্কারকাজ চলছে, সেসব মহাসড়কে যান চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন। আগামী বছর এ সমস্যা থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ যে অংশে শেষ হয়েছে, তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, যাত্রাবাড়ী ও আশুলিয়ার রাস্তা মেরামতের কাজ শেষ হয়েছে। সেখানে যানজট পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে। মগবাজারের পরিস্থিতি আরেকটু উন্নত করতে হবে। হাতে কোনো সময় নেই উল্লেখ করে তিনি দু-একদিনের মধ্যে এ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।