দু-তিন গুণ বেশি খাজনা আদায়
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কোরবানির পশুর হাটে পশু কেনাবেচায় সরকারের নির্ধারিত খাজনার (টোল) চেয়ে বেশি খাজনা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হাটে নির্ধারিত খাজনার তালিকা টাঙানোর নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ফলে পশু কিনতে আসা ক্রেতারা অতিরিক্ত খাজনা দিতে বাধ্য হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ উপজেলায় ছোটখাটো নয়টি হাট-বাজার রয়েছে। এর মধ্যে ধাপসুলতানগঞ্জ হাট উত্তরাঞ্চলের কয়েকটি বড় হাটের মধ্যে অন্যতম। এ হাটের বছরে আয় এক কোটি ৬৩ লাখ টাকা। সরকারি প্রজ্ঞাপনে একটি গরু বা মহিষের জন্য ১৫১ টাকা, একটি ছাগলের জন্য ৫০ টাকা খাজনা আদায় করার কথা। কিন্তু এ হাটের ইজারাদারেরা নিজেদের খেয়াল-খুশিমতো খাজনা আদায় করছেন। ১১ অক্টোবর ধাপসুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, ইজারাদারের লোকজন একটি খাসির জন্য ১৫০ টাকা খাজনা আদায় করছে। আর রশিদ লেখার জন্য নেওয়া হচ্ছে ২০ টাকা। গরুর ক্ষেত্রে ৩০০ টাকা খাজনা আদায় করা হচ্ছে। আর রসিদ লেখার জন্য নেওয়া হচ্ছে ৪০ টাকা। তবে খাজনার রসিদে টাকার পরিমাণ লেখা হচ্ছে না। খাসি কিনতে আসা উপজেলার পলিপাড়ার আশরাফ আলী বলেন, ‘৯০০ টাকা দিয়ে একটা বকরির বাচ্চা কিনেছি। এর জন্য ১৫০ টাকা খাজনা দিতে হলো। ৯০০ টাকার একটি বকরির বাচ্চার জন্য যে টাকা খাজনা, সাত হাজার টাকার খাসির জন্যও ঠিক সেই টাকার খাজনা আদায় করছে আদায়কারীরা। এ ধরনের অনিয়ম কোনো হাটে দেখিনি।’ কোরবানির গরু কিনতে আসা ক্ষেতলালের দাশরা গ্রামের দৌলত হোসেন বলেন, ‘২৬ হাজার ৪০০ টাকা দিয়ে একটি গরু কিনেছি। এর জন্য ৩০০ টাকা খাজনা দিতে হলো। আবার রশিদ লেখার জন্য ৪০ টাকা দিতে হলো। কিন্তু রশিদে খাজনা নেওয়া টাকার পরিমাণ লেখেনি তারা। এত খাজনা আশপাশের কোনো হাটে নেই।’ অতিরিক্ত খাজনা নেওয়ার কথা স্বীকার করে ধাপসুলতানগঞ্জ হাটের পরিচালক আবু সাঈদ বলেন, ‘অন্যান্য জেলার হাট-বাজারে পশু কেনাবেচার খাজনা বাড়ানো হয়েছে। আমরা খাজনা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি। তারা আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এ হাটের ডাক খুব বেশি। সারা বছর হাট চালিয়ে খাজনা তুলে পোষায় না। তাই ঈদের কারণে পশুর খাজনা বাড়ানো হয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ জানান, সরকারি টোল রেটের চেয়ে কেউই বেশি টাকা নিতে পারবে না। যারা গলা কেটে খাজনা আদায় করছে, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।