শীর্ষ তিন জঙ্গিনেতার বিচারের ব্যাপারে সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলেছেন, ‘তাঁদের (তিন জঙ্গিনেতা) ব্যাপারে দ্রুত অভিযোগপত্র কোর্টে দাখিল করা হয়েছে। কিন্তু অভিযোগপত্রের ওখানে স্যাংশন (অনুমতি) নেই। অ্যান্টি টেররিজম অ্যাক্টে একটা ধারা আছে, যেখানে স্যাংশনের প্রয়োজন আছে। আমি আইন মন্ত্রণালয় থেকে স্যাংশনের জন্য লেখা হওয়া কাগজপত্র জোগাড় করে গতকালই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং আগামী দুই দিনের মধ্যে এই স্যাংশনগুলো আদালতে চলে যাবে।’
‘তিন জঙ্গিনেতার বিচারের অনুমতি পাওয়া যাচ্ছে না’ শিরোনামে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, সরকারের কাছ থেকে অনুমতি না পাওয়ায় প্রায় দুই বছর ধরে ঝুলে আছে নিষিদ্ধঘোষিত তিনটি জঙ্গি সংগঠনের শীর্ষ তিন নেতার বিচার।
উল্লেখ্য, বাংলাদেশে জঙ্গি তৎপরতার অভিযোগে আটক অনেকের এখনো বিচারই শুরু হয়নি। জঙ্গি তৎপরতার সব মামলাই হয়েছে সন্ত্রাস দমন আইনে। আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের আইনে মামলা পরিচালনা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। আইনজীবীরা বলছেন, এ ধরনের বহু মামলার অনুমোদন পাওয়া যাচ্ছে না।
অপরাধের অভিযোগে সাধারণ প্রক্রিয়ায় বিচারে সরকারের অনুমতি প্রয়োজন কেন, জানতে চাইলে আইনমন্ত্রী বিবিসিকে বলেন, ‘এটা আইনে একটা রক্ষাকবচ ছিল। সিরিয়াস ক্রাইমে দুটো জিনিস কাজ করে—একটা হচ্ছে অযথা কাউকে হ্যারাস (হয়রানি) করলে, তার মানসম্মান যায় এবং অন্যায়ভাবে কারাভোগ করতে হয়। অপর দিকে এটার সিরিয়াসনেস বোঝার জন্য। এ দুটো জিনিস যাতে অ্যাড্রেসড হয়, সে কারণেই এই স্যাংশনের প্রয়োজন।’
কিন্তু একই সঙ্গে এর অপব্যবহারের সুযোগ থেকে যায় এমন প্রশ্ন করা হলে আনিসুল হক বলেন, এখন পর্যন্ত সরকার স্যাংশনটাকে অপব্যবহার করেছে এ রকম নজির দেখানো যাবে না।