দু-তিন বছরেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l পিআইডি
ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l পিআইডি

দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের আয়ে বাংলাদেশের সফলতা সম্পর্কে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পরবর্তী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রসহ নানামুখী বাধার মুখেও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর চত্বরে সংশ্লিষ্ট মন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানবন্দরের নির্মাণকাজ উদ্বোধন করেন। তিনি বলেন, এই বিমানবন্দরটি হবে পূর্ব ও পশ্চিমের যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে একটি কেন্দ্র।
শেখ হাসিনা বলেন, বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার পর ট্রান্স-এশিয়া রেল যোগাযোগ প্রতিষ্ঠা হবে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশ যথাক্রমে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে (বিসিআইএম) একটি অর্থনৈতিক করিডর গড়ে উঠবে।
প্রধানমন্ত্রী বলেন, পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্রসৈকতের আরও উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগরে নতুন সমুদ্রসীমানা-সংক্রান্ত বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার পর কক্সবাজার এখন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান।’ তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দর পরিবহন বিমানের জ্বালানি সংগ্রহের জন্য ব্যবহৃত হতে পারে।
শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারের ঘুমধুমের মধ্যে প্রস্তাবিত রেল যোগাযোগ খুব শিগগির স্থাপিত হবে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও ভূমি অধিগ্রহণকাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
প্রধানমন্ত্রী কক্সবাজার জেলায় তাঁর সরকার গৃহীত প্রকল্পসমূহের উল্লেখ করে বলেন, মাতারবাড়ীতে আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল থারমাল পাওয়ার প্ল্যান্ট এবং একটি অর্থনৈতিক জোন গড়ে উঠলে পর্যটন নগরের সামগ্রিক উন্নয়ন চিত্র বদলে যাবে এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটি ব্যাপক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার থেকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননও বক্তব্য দেন। বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী ৫৭৮ কোটি টাকার প্রকল্পটি সম্পর্কে ব্রিফ করেন।
ভুটানের সঙ্গে পানিবিদ্যুৎ প্রকল্পে আগ্রহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের সঙ্গে অংশীদারির ভিত্তিতে পানিবিদ্যুৎ প্রকল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। এ দুই দেশের এবং এই অঞ্চলের অন্যান্য দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এ উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।
গতকাল গণভবনে ভুটানের অর্থমন্ত্রী ল্যেনপো ন্যামগে দরজির সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী বলেন, অংশীদারির বিনিয়োগ কিংবা সরাসরি বিদ্যুৎ কেনার ভিত্তিতে এ ধরনের প্রকল্প নেওয়া যায়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চল ও এর বাইরেও কানেকটিভিটি বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।