দু-তিন মাসের মধ্যে অভ্যন্তরীণ সব গন্তব্যে ফ্লাইট চালু করবে বিমান
আগামী দু-তিন মাসের মধ্যে অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে আবার ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিমানের সদ্য নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিল এ ঘোষণা দেন। তিনি বলেন, এ জন্য নতুন উড়োজাহাজ লাগবে। এই সময়ের মধ্যে বিমান তা সংগ্রহ করবে।উড়োজাহাজের সংকট এবং ক্রমাগত লোকসানের কারণে ২০০৭ সালের বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ সাতটি গন্তব্যের মধ্যে চারটি বন্ধ করে দেয় বিমান। গত বছর জুনে বাকি চারটিতেও ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়।কেভিন স্টিল ১৮ মার্চ বিমানে যোগ দেন। গতকাল বিমানের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি প্রতিষ্ঠানটিকে লাভজনক করার জন্য কিছু পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, এয়ারলাইনসের পরিচালন-ব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশ জ্বালানি বাবদ ব্যয় হয়। তাই বহরে জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজ যুক্ত করে পুরোনো উড়োজাহাজ বাদ দেওয়া হবে। তবে ডিসি-১০ উড়োজাহাজগুলো আরও এক বছর ব্যবহার করা হবে।বিমানের ফ্লাইটসূচি ঠিক রাখতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব সময় একটি উড়োজাহাজ প্রস্তুত রাখা, সময়ানুবর্তিতার উন্নয়নের পাশাপাশি গ্রীষ্মকালীন সূচি থেকেই বর্তমান পরিচালন-পরিধি বাড়ানো ও শিগগির অন্তত একটি নতুন গন্তব্য চালু করার ঘোষণা দেওয়া হবে বলে জানান নতুন এমডি। তিনি বলেন, নতুন ওয়েবসাইট, অনলাইনে ‘চেক-ইন’ ব্যবস্থা ও নির্ভরযোগ্য কোনো এয়ারলাইনসের সঙ্গে ‘কোড শেয়ার’ ব্যবস্থা চালু করা হবে।