দু দলের মতপার্থক্য দূর করা সম্ভব: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের চলতি অধিবেশনেই আলোচনা করে প্রধান দুই রাজনৈতিক দলের মতপার্থক্য দূর করা সম্ভব বলে মনে করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
স্পিকার বলেন, সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে আলোচনার সুযোগ আছে। তাতে দুই দলই অংশ নিতে পারে। চলতি অধিবেশনকে শেষ অধিবেশন উল্লেখ করে স্পিকার বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানান।
বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলকে আলোচনায় বসার জন্য কোনো আহ্বান জানাবেন কি না, জানতে চাইলে শিরীন শারমিন বলেন, ‘আমার আহ্বান সব সময় থাকবে। তারা চাইলে সংসদে যেকোনো আলোচনা করতে পারে।’
১২ সেপ্টেম্বর সংসদের চলতি অধিবেশন শুরু হয়। তবে প্রধান বিরোধী দল বিএনপি এই অধিবেশনে এখনো যোগ দেয়নি। সামনে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দলটি।
স্পিকার গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রকল্পের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।