দু বছর পর গানে গানে ডিসি হিলে বর্ষবরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণের অনুষ্ঠানে চট্টগ্রাম নগরের ডিসি হিলে সংগীত ভবনের শিল্পীদের পরিবেশনা
ছবি: সৌরভ দাশ

দু বছর পর গানে গানে শুরু হয়েছে চট্টগ্রামে বাংলা নববর্ষ বরণ। সকাল সাতটায় ডিসি হিলে সংগীত ভবনের শিল্পীদের সমবেত গানের মধ্য দিয়ে শুরু হয় নববর্ষ আবাহন। ‘মুক্ত করো বন্ধন যত মুক্ত করো মন’ গানের সুরে কেটে যায় সব বাধা।

সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ প্রতিবারের মতো এবারও ডিসি হিলে বর্ষবরণের আয়োজন করে। পয়লা বৈশাখ বাঙালির জাতীয় উৎসব, সবার যোগে জয়যুক্ত হোক শীর্ষক স্লোগানে সকাল থেকে শুরু হয় অনুষ্ঠান। অবশ্য করোনাকালের জন্য গত দু বছর বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি।

বর্ষবরণের অনুষ্ঠানে চট্টগ্রাম নগরের ডিসি হিলে সংগীত ভবনের শিল্পীদের পরিবেশনা
ছবি: সৌরভ দাশ

এবার রমজান ও করোনা পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান সীমিত করা হয়েছে। তবু মানুষ বর্ষবরণের জন্য সকাল থেকে উপস্থিত হন ডিসি হিলে। আয়োজক আহমেদ ইকবাল হায়দার বলেন, করোনার কারণে গত দু বছর আমরা উৎসব করতে পারিনি। এবার বাঙালির চিরায়ত এই উৎসবে আবার শামিল হয়েছে নারী-পুরুষ। কেটে যাক সকল বাধা, কেটে যাক জরা। অসাম্প্রদায়িক চেতনায় দেশ এগিয়ে যাক। বেলা দুইটা পর্যন্ত চলবে ডিসি হিলের অনুষ্ঠান।

চট্টগ্রাম নগরের ডিসি হিলে সংগীত ভবনের শিল্পীদের নাচের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান
ছবি: সৌরভ দাশ

সংগীত ভবনের পর উদীচী শিল্পী গোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, ওডিসি ড্যান্স মুভমেন্টসহ বিভিন্ন সংগঠন নাচ গান ও আবৃত্তি পরিবেশন করবে। বর্ষ বরণ উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।