দু ভাইসহ সিরাজুল ইসলাম চৌধুরী আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলা, হত্যা, ফাঁড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মামলায় বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী এবং তাঁর দুই ভাই ও পরমাণুবিজ্ঞানী ফয়জুর রহমান আল সিদ্দিকীকেও আসামি করা হয়েছে। তাঁরাসহ প্রায় ২১ হাজার গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ৯১ জন রাজনৈতিক, বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী, শিক্ষক, লেখক, শিল্পী, সাংবাদিক গতকাল সোমবার বিবৃতি দিয়েছেন। একই দাবিতে শ্রীনগর উপজেলার মদনখালীতে গ্রামবাসী বিক্ষোভ সমাবেশ করে।আড়িয়ল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার কয়েক হাজার গ্রামবাসী গত ৩১ জানুয়ারি ঢাকা-মাওয়া সড়কে সহিংস বিক্ষোভ করে। এতে এক পুলিশ নিহত এবং পুলিশ, সাংবাদিক, ম্যাজিস্ট্রেট ও গ্রামবাসীসহ শতাধিক ব্যক্তি আহন হন। এ ঘটনায় ওই রাতেই শ্রীনগর থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। মামলা তিনটির প্রত্যেকটিতেই ১৫৫ জনের নাম উল্লেখ করে মোট সাত হাজার ব্যক্তিকে আসামি করা হয়।মামলার এজাহারের যে প্যারায় সিরাজুল ইসলাম চৌধুরী ও তাঁর ভাইদের নাম উল্লেখ করা হয়েছে তাতে বলা হয়, ‘ওই দিন বেলা দুইটার সময় আড়িয়ল বিল রক্ষা কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ আজহার হোসেন, সদস্যসচিব সাইদুর রহমান সাইদ, ফয়জুর রহমান আল সিদ্দিকী, সিরাজুল ইসলাম চৌধুরী ও আমানুল ইসলাম চৌধুরীদের প্ররোচনায় আড়িয়ল বিল রক্ষা কমিটির নেতা শাহজাহান বাদল...উচ্ছৃঙ্খল জনতা আমাদের ওপর অতর্কিতভাবে হাসাড়া ফাঁড়ির দিক ও পাশের গলিপথ দিয়া আসিয়া লাঠিসোঁটা, ইটপাটকেল ও গুলি ছুড়তে থাকে।’ অবশ্য শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন গতকাল সোমবার প্রথম আলোর নবাবগঞ্জ প্রতিনিধিকে বলেন, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী নয়, বাড়ৈখালী গ্রামের জনৈক সিরাজুল ইসলাম চৌধুরীর নাম এজাহারে রয়েছে।শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর দুই ভাইকেও আসামি করার কারণ জানতে চাইলে, ওসি বলেন, তিনি তাঁদের চিনেন না।সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বাড়ৈখালী গ্রামে চৌধুরী বাড়ী একটি। সেটি তাঁদের বাড়ি। এ নামেও আর কেউ নেই। আর মামলার আসামিদের মধ্যে ফখরুল ইসলাম চৌধুরী ও আমানুল ইসলাম চৌধুরী তাঁর আপন ভাই। তিনি বলেন, আড়িয়ল বিল রক্ষা কমিটির নামে এলাকায় মানুষ আন্দোলন করে। তাঁদের সমর্থন দেওয়ার জন্য ঢাকা কমিটি করা হয়। এটা এডহক কমিটি। ওই কমিটির আহ্বায়ক তাঁর ভাই ফখরুল ইসলাম চৌধুরী। আর আমানুল ইসলাম চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। সিরাজুল ইসলাম বলেন, তিনি কমিটির কেউ নন। তবে আড়িয়ল বিল রক্ষার দাবিতে জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে তিনি ও তাঁর ভাই উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ওই সংবাদ সম্মেলনে আমরা আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিপক্ষে যেসব যুক্তি দিয়েছিলাম, সরকার তো তা মেনে নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ’বিবৃতি: গতকাল ৯১ জন রাজনৈতিক, বুদ্ধিজীবী, আইনজীবী, মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক, শিল্পী, শ্রমিক-কৃষক-ছাত্রনেতা এক যুক্ত বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, বদরুদ্দীন উমর, ফয়জুল হাকিম, ম. ইনামুল হক, টি আলী, মহসীন শস্ত্রপাণী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সি আর আবরার চৌধুরী, আবুল কাশেম ফজলুল হক, আকমল হোসেন, আনু মুহাম্মদ প্রমুখ সই করেছেন।