
নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি সীমান্তে গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপির) কর্মকর্তারা৷
মিয়ানমারের মংডু শহরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সেক্টর কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের পতাকা বৈঠকে বিজিপির কর্মকর্তারা ওই দুঃখ প্রকাশ করেন৷ গত ২৮ মে নিয়মিত টহলের সময় বিজিপির গুলিতে নিহত বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের ব্যবহার করা রাইফেল, চারটি ম্যাগাজিন ও ৯৮টি গুলি ফেরত দিয়েছে মিয়ানমার।
বৈঠকে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসান। মিয়ানমারের ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেন মংডু বিজিপি সেক্টরের পরিচালক ব্রিগেডিয়ার টিন কো কো। প্রায় ছয় ঘণ্টা বৈঠক চলে৷ মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে ফিরে কর্নেল ফরিদ হাসান সাংবাদিকদের জানান, নিহত মিজানুর রহমানের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্রসহ গোলাবারুদ ফেরত দিয়েছে মিয়ানমার। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘মিজানুর রহমানের ওপর গুলিবর্ষণ এবং হত্যার ঘটনায় বিজিপি কর্মকর্তারা অনুতপ্ত ও দুঃখ প্রকাশ করেছেন৷ ভবিষ্যতে এ ধরনের ঘটনা সম্পর্কে সতর্ক থাকবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন৷’