দুঃখ প্রকাশ করেও রক্ষা হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতির জনক বঙ্গবন্ধু’ না বলে শুধু শেখ মুজিবুর রহমান বলায় পটুয়াখালীর বাউফল উপজেলার ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের শিক্ষক মো. রুহুল আমিনকে গত শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ওই কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক।
কলেজের অধ্যক্ষ, কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজে দোয়ার আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মো. রুহুল আমিন। তিনি মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু না বলে শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। এতে ক্ষিপ্ত হন ক্ষমতাসীন দলের সমর্থক কয়েকজন শিক্ষক। বিষয়টি বুঝতে পেরে শিক্ষক রুহুল আমিন তৎক্ষণাৎ সবার সামনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং আবার মোনাজাত করেন। তখন তিনি জাতির জনক বঙ্গবন্ধু উল্লেখ করেন।
সূত্রগুলো জানায়, এর পরও বিষয়টি গত ৮ অক্টোবর কলেজের পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করা হয়। ওই সভায় শিক্ষক রুহুল আমিনকে ১ নভেম্বর থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। পরিচালনা পর্ষদের সভাপতি হলেন স্থানীয় সাংসদ ও সরকারদলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, রুহুল আমিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। আর অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য তিনি সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ ও আবার মোনাজাত করেন। তাঁকে ক্ষমাও করে দেওয়া হয়। এর পরও তাঁকে সাময়িক বরখাস্ত করা অমানবিক।
শিক্ষক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘ওই দিন মোনাজাত করার জন্য আমার কোনো প্রস্তুতি ছিল না। আর ওই ভুলটা ছিল অনিচ্ছাকৃত। বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে পুনরায় মোনাজাতও করি।’ কলেজ অধ্যক্ষ মো. হুমায়ন কবির বলেন, ‘পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাঁকে (শিক্ষক রুহুল আমিন) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখানে তাঁর (অধ্যক্ষ) কিছুই করার নেই।’