
শিশুদের মধ্যে কারও বাবা নেই; কারও বাবা-মা দুজনের কেউই নেই। তবে তাদের আনন্দের যেন কমতি নেই। পারিবারিক নির্যাতনের শিকার হয়ে বা অন্য কারণে নিঃস্ব অনেক নারীও আছেন শিশুদের সঙ্গে। তাঁরাও স্বাচ্ছন্দ্যে আছেন।
শিশুপল্লি প্লাস নামে একটি প্রতিষ্ঠান সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় দিতে গাজীপুরের শ্রীপুরের টেংরা এলাকায় গড়ে তুলেছে বিনা মূল্যের পুনর্বাসন কেন্দ্র। ঈদ উপলক্ষে নারী ও শিশুদের আনন্দ দিতে এখানে থাকে নানা আয়োজন। এই ঈদেও তাদের জন্য ছিল তিন দিনের আনন্দযজ্ঞ।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কোথাও দল বেঁধে গান হচ্ছে; কোথাও একজন দাঁড়িয়ে গল্প বলছে, অন্যরা মুগ্ধ হয়ে শুনছে। সবাই নতুন জামা পরা। কথা হয় সাত বছর বয়সী তাউহিদার সঙ্গে। চার বছর বয়স থেকে এখানে বসবাস তার। মায়ের সঙ্গে এখানে আছে তার এক বছরের ভাই তাজুল ও তিন বছরের বোন নাহিদা। তাদের মা সাবিকুন্নাহার (২৭) কুড়িগ্রামের এক চর থেকে এসে এখানে আশ্রয় নিয়েছেন। ঈদের তিন দিন আগেই নতুন জামা হাতে পেয়েছেন মা ও সন্তানেরা। রংপুরের সেলিম (১৩) আড়াই বছর ধরে শিশুপল্লিতে। পায়ে সমস্যা থাকায় সম্প্রতি প্রতিষ্ঠানের খরচে অস্ত্রোপচার হয়েছে তার। ঈদে কেমন আনন্দ হচ্ছে—এমন প্রশ্নে সে হুইলচেয়ারের চাকা ঘোরাতে ঘোরাতে এগিয়ে এসে বলে, তিন দিন খুব মজা হয়েছে। ম্যাডামের (প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্যাট্রিসিয়া কার) সঙ্গে খাওয়াদাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুরতে যাওয়া—সব মিলিয়ে খুব মজা হয়েছে। কুড়িগ্রামের একটি চর থেকে মা রিয়াতন (২৪) তাঁর দুই সন্তান সাবরিন (১০) ও শামিমকে (১৩) নিয়ে দুই বছর ধরে এখানে থাকছেন। বিয়ের পর দুই সন্তানসহ তাঁকে রেখে চলে যান স্বামী। ঈদ উপলক্ষে নতুন শাড়ি ও সন্তানদের জন্য নতুন পোশাক পেয়েছেন তিনি। ঈদের দিন ও এরপরের দুই দিন সন্তানদের নিয়ে আনন্দে মেতেছিলেন বলে জানান এই মা।
শিশুপল্লি প্লাসের সমাজকর্মী (দীর্ঘময়দি পুনর্বাসন) জাহাঙ্গীর আলম বলেন, এখানে বেশির ভাগ শিশুই মায়ের সঙ্গে থাকে। তবে যাদের মা-বাবা কেউ নেই, তাদের পারিবারিক আবহে বড় করে তোলা হয়। এই শিশুদের ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও বিনোদন দুটিই পর্যাপ্ত হওয়ায় সব সময় উচ্ছল থাকে তারা। পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিনোদন, খেলাধুলা, গল্পের আসরসহ বিভিন্ন আয়োজনে তাদের প্রফুল্ল রাখা হয়। প্রতিটি ঈদ ও বিভিন্ন দিবসে এই শিশুদের ও তাদের মায়েদের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আনন্দ নিশ্চিত করা হয়। তাই পরিবারের বাইরেও তারা সমান আনন্দেই জীবন যাপন করতে পারছে।
কথা হয় প্রতিষ্ঠানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রদীপ রোজারিওর সঙ্গে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানে ১৮৫ জন মা ও ৪৪২টি শিশু আছে। এখানে শিশুদের জন্য একজন সাইকোলজিস্ট ও একজন কাউন্সেলর আছেন। এটি সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ও মায়েদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ব্রিটিশ নাগরিক প্যাট্রিসিয়া কার। দেশের বিভিন্ন জায়গা থেকে নির্যাতিত বা স্বামী পরিত্যক্ত মায়েরা শিশুদের নিয়ে এখানে আশ্রয় নেন। শিশুপল্লি প্লাস তাঁদের পুনর্বাসন করে। এখানে অবস্থানকালে মায়েদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করা হয়। ঈদে শিশুদের আনন্দ দিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা ছুটি না নিয়ে এখানেই সময় কাটান। বিশেষ আকর্ষণ হিসেবে থাকে চাঁদরাতের আনুষ্ঠানিকতা। চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই মেহেদি উৎসব শুরু হয়। যে যার ইচ্ছেমতো মেহেদিতে হাত রাঙায়, ইচ্ছেমতো আড্ডায় মাতে তারা। ঈদের দিনে বিশেষ খাবার পরিবেশন করা হয়। মা ও শিশুদের বাইরে ঘুরতে নিয়ে যান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিকেলে প্রতিষ্ঠানের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।