দুঃখ লাগে, স্কুলের পাঠ্যক্রমে ইতিহাসের অংশ সামান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘ভাবতেই দুঃখই লাগে যে বাংলাদেশের স্কুলের পাঠ্যক্রমে ইতিহাসের অংশ খুবই সামান্য। ইতিহাস শেখার যে গুরুত্ব, সেটি মাধ্যমিক পর্যায়ে আমরা হারিয়ে ফেলি। এটা হলে পরে ইতিহাসের চর্চা কিংবা ইতিহাসের অধ্যয়ন দুর্বল হতে বাধ্য।’

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস পরিষদের সুবর্ণজয়ন্তী এবং একাদশ দ্বিবার্ষিক জাতীয় ইতিহাস সম্মেলন ও সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুজ্জামান এসব কথা বলেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বর্তমানে ইতিহাসের যে পঠনপাঠন, তা আরও বেশি হওয়া দরকার। না হলে আমাদের ইতিহাস জ্ঞান দুর্বল হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসচর্চার ক্ষেত্রে আমরা দু-একটি লক্ষণ দেখতে পাই। একটি হচ্ছে অপেক্ষাকৃত স্বল্প ক্ষেত্র নিয়ে কাজ করা। আমরা বৃহৎ কলেবরে সমগ্র দেশের ইতিহাস পর্যালোচনা না করে আঞ্চলিক রচনার ক্ষেত্রে মনোযোগ দিয়েছি। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের ইতিহাসচর্চার একটা উল্লেখযোগ্য অংশ। সেখানেও আমরা এই প্রবণতা লক্ষ করব। মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, প্রাতিষ্ঠানিক ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এসব আমাদের মনে হয়, সামগ্রিক ইতিহাসচর্চাকে গুরুত্ব দিচ্ছে এবং সমৃদ্ধ করছে। যত প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও সহায়তা পাওয়া যায়, তত ইতিহাসচর্চার পরিস্থিতি বিস্তৃত হবে, এটা আমরা আশা করতে পারি।’
আনিসুজ্জামান বলেন, ‘আমরা সব সময় অতীতের ভিত্তির ওপর বর্তমান ও ভবিষ্যৎকে নির্মাণ করতে চাই। কাজেই সেই অতীত ভিত্তিটাকে আমাদের ধরে রাখতে হবে। একই সঙ্গে আমাদের কী ভ্রান্তি, অসুবিধা ইতিহাসের ব্যাখ্যা করার ক্ষেত্রে বা ইতিহাসের ঘটনা ঘটানোর ক্ষেত্রে এটাও আমরা আলোচনা করে তার থেকে লাভবান হতে পারি। আশা করি, বাংলাদেশের পাঠ্যবিষয়ের মধ্যে ইতিহাসচর্চা আরও গুরুত্ব পাবে। এর বাইরেও ইতিহাসবিদ এবং অন্যরাও তাদের সাধ্যমতো ইতিহাসচর্চায় এগিয়ে আসবেন এবং আমাদের ধারাকে সমৃদ্ধ করবেন।’
অনুষ্ঠানে সম্মেলন বক্তা হিসেবে ‘ইতিহাসে একটি ঐতিহাসিক পরাজয়’ শীর্ষক বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘এ রকম গণধর্ষণ আমরা কখনো শুনিনি। পাকিস্তানিরা গণধর্ষণ করেছে একটা বিশেষ সময়ে। বিশেষ সুযোগে। আজ গণধর্ষণ বিনোদনে পরিণত হয়েছে এবং হত্যা এই বিনোদনকাণ্ডে উল্লাসে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, তনুর যে বিচার হচ্ছে না। যেটা খুবই তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে, তনুর বাবা-মাকে জেরা করা হচ্ছে। তাঁর মাকে জেরাতে ৮০ বার একই প্রশ্ন করা হচ্ছে, যে মেয়েটি বিয়ে দেননি কেন? তো বাংলাদেশে যে বালিকা বিবাহের প্রচলন, তার কারণ তো এখানে যে মেয়েদের নিরাপত্তা নেই। তনু নিহত হলে, ধর্ষণের শিকার হলে তার কোনো বিচার হবে না। যখন সারা দেশ জেগে উঠবে, দাবি করবে তখনো বিচার হবে না।
মাতৃতান্ত্রিক সমাজের পতনের পর নারীর যে পরাজয়, সেটাকে তিনি ঐতিহাসিক পরাজয় বলে উল্লেখ করেন। প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের সাহিত্যে নারীর উপস্থিতির বিষয়টি তুলে ধরেন। এ ক্ষেত্রে তিনি গ্রিক সাহিত্যিক হোমার, ব্রিটিশ সাহিত্যিক শেক্‌সপিয়ার, বাংলা সাহিত্যিক প্যারি চাঁদ মিত্র, বঙ্কিম চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন কবি-সাহিত্যিকের রচনায় নারী চরিত্রের উপস্থিতি ব্যাখ্যা করেন।
বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির।