দুঃখ শুধু দুই কিলোমিটারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের আমিননগর এলাকায় গর্তের মধ্য দিয়ে চলছে  যানবাহন l ছবি: প্রথম আলো
বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের আমিননগর এলাকায় গর্তের মধ্য দিয়ে চলছে যানবাহন l ছবি: প্রথম আলো

পিচঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। এই দুরবস্থা বাঞ্ছারামপুর-মুরাদনগর আঞ্চলিক মহাসড়কের দুই কিলোমিটার অংশের। এই অংশ দিয়ে চলাচল করতে বিদ্যালয়, কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে কুমিল্লা জেলার সরাসরি সড়কযোগাযোগ স্থাপন করতে ২০০৬ সালে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর থেকে শলফা পর্যন্ত দুই কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে সওজ কর্তৃপক্ষ। পরে শলফা এলাকায় শলফা খালের ওপর সেতু নির্মাণ করে সওজ। মুরাদনগর হয়ে বাঞ্ছারামপুর উপজেলা পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। ২০১৫-১৬ অর্থবছরে সড়কের মুরাদনগর উপজেলা সদর এলাকা থেকে রামচন্দ্রপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক সংস্কার করে সওজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘আমি কিছুদিনের মধ্যে শলফা এলাকায় রাস্তা পরিদর্শনে যাব। ওই রাস্তা মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্পের প্রস্তাব দেওয়া হবে। এলাকাবাসীর চলাচলের জন্য রাস্তার ওই অংশ সাময়িক মেরামতের ব্যবস্থা করা হবে।’

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুরাদনগর-বাঞ্ছারামপুর-ফেরিঘাট সড়কটি ব্যবহার করে মুরাদনগর, নবীনগর, দেবীদ্বার উপজেলার কয়েক হাজার মানুষ রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ অন্যান্য স্থানে চলাচল করে। এই সড়কে প্রতিদিন ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, অটোরিকশা, ইজিবাইকসহ সহস্রাধিক যান আসা-যাওয়া করে।

গত সোমবার সরেজমিনে দেখা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার সীমানা শেষেই শলফা সেতু। সেতুর পূর্ব পাড়ে বাঞ্ছারামপুরের পূর্বহাটি এলাকা। আবার এই সেতুর পরে শলফা মোড় বাজার। বাজারের দক্ষিণ দিকে ১৮ ফুট চওড়া সড়কটি রামচন্দ্রপুর পর্যন্ত বিস্তৃত। শলফা মোড় থেকে রামচন্দ্রপুর বাজার পর্যন্ত পুরো সড়কে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের পাশে শতবর্ষী রামচন্দ্রপুর রামকান্ত উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় দুই হাজার।

স্থানীয় কয়েজন জানান, এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে রামচন্দ্রপুর রামকান্ত উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। রাস্তার অবস্থা এতই নাজুক যে প্রতিদিন কোনো অটোরিকশা ও ইজিবাইক রাস্তায় উল্টে যাচ্ছে। এতে আহতও হচ্ছে যাত্রীরা। বৃষ্টির মৌসুমে রাস্তার ভাঙা অংশে পানি জমে থাকে। এতে যান চলাচল ব্যাহত হয়।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, গাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করা যায় না, কারণ গাড়ি যেকোনো সময় উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় সময়ই কেউ কেউ রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছে।

রামচন্দ্রপুর রামকান্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম বলেন, আমার জানামতে ১০ বছরের মধ্যে কোনো কর্তৃপক্ষই শলফা থেকে মুরাদনগর পর্যন্ত সড়কের মেরামত করেনি।

পিকআপচালক সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি চার বছর ধইরা এই সড়কে পিকআপ চালাই। রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকার মালপত্র পরিবহন করে থাকি। কিন্তু শলফা-রামচন্দ্রপুর রাস্তায় আইলেই ভয়ে ভয়ে থাকি, কোন সময় যেন গাড়ি রাস্তার গর্তে পড়ে যায়।’