
মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান সাংবাদিক প্রবীর সিকদারের গ্রেপ্তারের ঘটনাকে দুঃখজনক বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত পা হারানো একজন ব্যক্তিকে হাতকড়া পরিয়ে তড়িঘড়ি করে রিমান্ডে নেওয়ার ঘটনাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন।
অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রবীর সিকদারকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করা হয়নি।
ফেসবুকে লিখে স্থানীয় সরকারমন্ত্রীর ‘সুনাম ক্ষুণ্নের’ অভিযোগে গত রোববার রাতে তথ্যপ্রযুক্তি আইনের এক মামলায় প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ চলছেই।
দুঃখজনক বললেন তথ্যমন্ত্রী: সচিবালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘প্রবীর সিকদারের গ্রেপ্তার হওয়ার ঘটনা দুঃখজনক। তাঁকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি আমার ঘনিষ্ঠজন। আগেরবার তিনি যখন বিপদে পড়েছিলেন, তখন আমার ক্ষুদ্র সামর্থ্য অনুসারে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। তিনি যাতে কোনো রকম আইনি সুরক্ষা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আমরা নজর রাখব।’
ইনু আরও বলেন, প্রবীর সিকদারের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়ায় কোনো ভুল-ত্রুটি থাকলেও তা এখন আদালতে চলে গেছে। সেখানে তিনি ন্যায়বিচার পাবেন বলে তিনি আশা করেন।
সুরঞ্জিতের ক্ষোভ: গতকাল একটি বেসরকারি সময় টেলিভিশনকে দেওয়া প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এসব ঘটনার পর কোনো বিবেকবান মানুষের আর শান্ত হয়ে থাকার সুযোগ নেই। পা হারানো একজন মানুষকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া, তাঁর ছবি প্রকাশ করা, তড়িঘড়ি তাঁকে রিমান্ডে নেওয়া স্বাভাবিক মনে হয়নি। রাতের আঁধারে তাঁকে ফরিদপুর নিয়ে যেতে হলো? এত এফিশিয়েন্ট (দক্ষ) হয়ে গেল পুলিশ, ডিবি? সাংবাদিক, সাংবাদিকতা একটি প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরেকটি প্রতিষ্ঠানের এভাবে দাঁড়ানো উচিত নয়।
ভিন্নমত স্বরাষ্ট্রমন্ত্রীর: গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘প্রবীর সিকদারকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করা হয়নি। কারও কণ্ঠ রোধ করার জন্য, গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশ করার জন্য, কিংবা নিজের মতামত প্রকাশ করার কারণে আমরা কাউকে ধরিনি। এক ব্যক্তির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
ক্ষোভ, নিন্দা চলছেই: সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ)।
অবিলম্বে প্রবীর সিকদারের মুক্তি চেয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, সহসভাপতি শাহরিয়ার কবির, সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল একটি বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার একজন বিতর্কিত মন্ত্রীর সমালোচনার জন্য মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান প্রবীর সিকদারকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা মুক্তিযুদ্ধের সপক্ষের যেকোনো মানুষকে ক্ষুব্ধ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রবীর সিকদার যদি তথ্যপ্রযুক্তি আইনে কোনো অপরাধ করে থাকেন, তার জন্য মামলা হতে পারে। কিন্তু তিনি যে বিষয় নিয়ে লিখেছেন, সে বিষয়ে তদন্ত করা উচিত। কারা, কোন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাজোট সরকারের প্রতিপক্ষ বানাতে চাইছে, সে বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন। তথ্যপ্রযুক্তি আইনের এই অপব্যবহার সরকারের অর্জনকেও প্রশ্নবিদ্ধ করবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রবীর সিকদারের মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়, প্রবীর সিকদার ফরিদপুরে ২০০১ সালে যুদ্ধাপরাধীদের নিয়ে প্রতিবেদন লেখায় সন্ত্রাসীদের বোমা হামলার শিকার হন এবং একটি পা হারান। প্রাণভয়ে তিনি ঢাকায় এসে সাংবাদিকতা শুরু করেন। সম্প্রতি মুসা বিন শমসেরের মুখোশ উন্মোচন করায় তিনি আবার নিরাপত্তার হুমকিতে পড়েছেন। থানা সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ না করায় তিনি ফেসবুকের মাধ্যমে দেশবাসীর কাছে নিরাপত্তা চেয়েছেন।
রাজশাহীতে মানববন্ধন: নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, প্রবীর সিকদারকে অবিলম্বে মুক্তি ও তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি করেন সাংবাদিক নেতারা। এ কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।