দুঃখী মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, এ দেশের বেশির ভাগ মানুষ গরিব, দুঃখী ও অসহায়। দুঃখী মানুষের অধিকার সুরক্ষা করতে হবে। এদের অধিকার যেন খর্ব না হয়। সেবার মনোভাব নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় আইনজীবীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিচার বিভাগ পৃথককরণ হয়েছে। এখনো অনেক কাজ বাকি। এ জন্য আইনজীবী ও বিচারকদের অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে। আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখব—এ লক্ষ্য নিয়ে কাজ করব। মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিক স্বাগত বক্তব্য দেন। মতবিনিময় সভায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার শওকত হোসেন, জেলা ও দায়রা জজ মো. আবদুস সালেক, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, দীলিপ কুমার দেবনাথসহ অন্য বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান বিচারপতি জেলা ও দায়রা জজ, বিশেষ জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন আদালত, মুখ্য বিচারিক আদালতসহ বেশ কয়েকটি আদালত পরিদর্শন করেন।