দুঃখের আরেক নাম শ্যামচন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলাফেরায় অক্ষম শ্যামচন্দ্র ত্রিপুরা তাঁর দুই শিশুসন্তান আকাশ ও কসন্তিকে দেখতে হাসপাতালে আসতে পারেননি। তাদের দেখাশোনা করছেন ফুফু মিরগাতি ত্রিপুরা। ছবিটি গত শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা l প্রথম আলো
চলাফেরায় অক্ষম শ্যামচন্দ্র ত্রিপুরা তাঁর দুই শিশুসন্তান আকাশ ও কসন্তিকে দেখতে হাসপাতালে আসতে পারেননি। তাদের দেখাশোনা করছেন ফুফু মিরগাতি ত্রিপুরা। ছবিটি গত শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা l প্রথম আলো

জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী শ্যামচন্দ্র ত্রিপুরা। পায়ে সমস্যার কারণে ঠিকমতো হাঁটতে পারেন না। সংসার চালাতে মানুষের কাছে হাত পাততে হয়। এত কিছুর পরও স্ত্রী-সন্তানের মুখের দিকে তাকিয়ে সুখ খুঁজে পেতেন। কিন্তু এখন যেন ভয়ানক এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন পার করছেন শ্যামচন্দ্র। গত ছয় মাস আগে যার শুরু। তখন হঠাৎই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান তাঁর স্ত্রী। শোক সামলে ওঠার আগেই গত বুধবার অজ্ঞাত রোগে মারা যায় তাঁর বড় ছেলে কসম রায় ত্রিপুরা (৮)। ছোট দুটি ছেলে-মেয়েও একই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

শ্যামচন্দ্রের মেয়ে কসন্তি ত্রিপুরা (৩) ও ছেলে আকাশ ত্রিপুরা (২) এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের পাশাপাশি শয্যায় শুয়ে আছে। সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ির ত্রিপুরাপাড়া থেকে গত বুধবার বেশ কিছু শিশুর সঙ্গে এই দুই শিশুকেও চমেক হাসপাতালে আনা হয়। তাদের সবারই জ্বরসহ নানা উপসর্গ ছিল।

চলতে ফিরতে পারেন না বলে ছেলে-মেয়েকে দেখতে হাসপাতালে আসতে পারেননি শ্যামচন্দ্র। তাঁর বড় বোন মিরগাতি ত্রিপুরা হাসপাতালে কসন্তি ও আকাশের সঙ্গে রয়েছেন। সেবা শুশ্রূষা করছেন ভাইপো ও ভাইঝির।

মিরগাতি বলেন, ‘আমার ভাইয়ের ওপর দিয়ে যেন ঝড় যাচ্ছে। ছয় মাসের মধ্যে স্ত্রী ও বড় ছেলে চলে গেল। এখন ছোট দুটি বাচ্চা অজ্ঞাত রোগে ভুগছে। এই শোক সে কীভাবে সামলাবে আমি জানি না।’

ত্রিপুরাপাড়ার সর্দার সুজন ত্রিপুরা বলেন, ‘আমাদের এখানকার কেউ খুব একটা হাসপাতালে যান না। শ্যামের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়নি। ঘরের মধ্যেই এক রাতে তিনি ডায়রিয়ায় মারা যান।’

একইভাবে অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুদেরও হাসপাতালে নেননি এখানকার বাসিন্দারা। ফলে নয় শিশু বিনা চিকিৎসায় মারা যায়। বুধবার মারা যায় শ্যামচন্দ্রের বড় ছেলে কসম রায় ত্রিপুরাও। ওই দিনই তার সৎকার করা হয়।

এরপর বুধবার থেকে ওই পাড়ার জ্বর আক্রান্ত অন্যান্য শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বেশির ভাগ শিশু এখন সুস্থ হওয়ার পথে। শ্যামচন্দ্রের দুই ছেলে মেয়েও আগের চেয়ে সুস্থ।

চমেক শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ বলেন, দুজনই এখন অনেকটা সুস্থ। ছেলেটির কিছুটা ইনফেকশন রয়েছে। সুস্থ হয়ে যাবে।

হাসপাতালের শয্যায় দুই শিশুই নিষ্পলক তাকিয়ে থাকে। কখনো কাঁদে। কখনো বা কাউকে খোঁজে। মা, ভাই কিংবা বাবাকে। বাড়িতে একা ঘরে শ্যামচন্দ্র। ছয় মাস আগেও শ্যামচন্দ্রের এই ঘরের সদস্যসংখ্যা ছিল পাঁচজন। এখন কমে দাঁড়িয়েছে তিনজনে। আপাতত শূন্য ঘরের তিনি একাই বাসিন্দা।