সারা দেশে এসএসসি পরীক্ষায় এবার ৬২ হাজারেরও বেশি পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের অনেকেই নিতান্ত গরিব ঘরের সন্তান। অনেকের দুই বেলা খাবারই জোটে না। তাই বাধ্য হয়ে কেউ কেউ বাবা-মায়ের সঙ্গে ঝাড়ুদারের কাজ করেছে, কেউ দিয়েছে ইটভাটায় শ্রম। তবু তারা দমেনি। নিজের মেধা, মনন আর পরিশ্রমের বলে ছিনিয়ে এনেছে সাফল্যকে। এ যেন দুঃখের ঘরে একটু সুখের আলো। দারিদ্র্যের কাছে হার না মানা এমন সব শিক্ষার্থীকে আমরা আখ্যা দিয়েছি ‘অদম্য মেধাবী’। পাঠক চলুন এমনি কয়েকজন অদম্য মেধাবীর জীবনের গল্পটা আজ শুনি।হরিজনদের দুঃখ ঘোচাতে চায় নাটোরের ছোটন: বাবা স্কুলের পরিচ্ছন্নতা কর্মী (হরিজন)। ছেলেও সেই স্কুলেই পড়ত। বাবা বাবু কুমার ভুঁইমালী মাস শেষে বেতন পান ৮০০ টাকা। সেই টাকায় ছয়জনের সংসার কোনোমতেই চলে না। বাধ্য হয়ে মা মালা রানী ভুঁইমালী পরিচ্ছন্নতার কাজ নেন স্থানীয় একটি বাজারে। পড়ালেখার ফাঁকে সেও বাবা-মাকে কাজে সাহায্য করে। ছেলেটার নাম ছোটন ভুঁইমালী। এবার সে এসএসসি পরীক্ষায় নাটোর সদর উপজেলার পিএন উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। দুই ভাই দুই বোনের মধ্যে ছোটন বড়। বাবু কুমার ভুঁইমালী বলেন, ‘ছোটবেলা থ্যাকি ছ্যালিটা লেখাপড়ায় খুবই ভালো। যত কষ্টই হোক ওকে বড় করতে হবি। আমার জায়গা-জমি কিছুই নাই। ওকে বড় করতে পারব তো বাবু?’ বড় হয়ে কী হতে চাও—এমন প্রশ্নের জবাবে ছোটন বলে, ‘বাবা আমার জন্য স্কুলের কাজের পাশাপাশি মাকে নিয়ে বাজার ঝাড়ু দেয়। রাতদিন খাটে। মনে মনে প্রতিজ্ঞা করিছি, বড় আমি হবই। ডাক্তার আমাক হতিই হবি। আমি হরিজনদের বদলে দিব।’ ভোরের আলো ফোটার আগে ঝাড়ু হাতে ঘর ছেড়ে বের হন মা মালা রানী ভুঁইমালী। কাজ শেষে দুটি রুটি হাতে বাড়ি (সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামে) ফেরেন। পিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান পাঠান প্রথম আলোকে বলেন, ‘ও আমাদের গর্ব। তাই ওকে আমরা অভিভাবকের দৃষ্টিতে দেখতাম। আমাদের শিক্ষকেরা বিনা খরচে ওকে গণিত ও ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। তবে রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞানে ও খুবই ভালো। এসব বিষয়ে তাকে প্রাইভেট পড়াতে হয়নি।’ তিনি আরও বলেন, ‘ছেলেটা পুষ্টিহীনতায় ক্রমেই রোগা হয়ে যাচ্ছে। একটু ভালো পরিবেশ পেলে সে অসাধারণ সাফল্য অর্জন করবে।ইটভাটায় খেটেও নীলফামারীর শামিমের সাফল্য: মা যেন আগেই টের পেয়েছিলেন ছেলে তাঁর ভালো ফল করবে। তাই ছেলের পরীক্ষার পর থেকেই মা প্রতিদিন দুই টাকা করে জমাতেন। দুই মাস পর ফল প্রকাশিত হয়। ছেলে তাঁর জিপিএ-৫ পেয়েছে শুনে মা ছুটে যান মিষ্টির দোকানে। তিল তিল করে জমানো টাকায় মিষ্টি কিনে এনে পাড়া-পড়শিকে খাওয়ান। বলছিলাম নীলফামারী পৌর এলাকার দক্ষিণ হাড়োয়া গ্রামের এক মায়ের কথা। নাম তাঁর সালেহা বেগম। তাঁর ছেলে শামিম আহম্মেদ এবার নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে ইটভাটায় শ্রমিকের কাজ করত শামিম। সংসারে তারা দুই ভাই, এক বোন আর বাবা-মা। বাবা আলিম উদ্দিন কখনো রিকশা চালান, আবার ধান কাটার মৌসুমে ধান কাটতে দূরদূরান্তে চলে যান। মা সালেহা বেগম ঘর সামলান। ফলাফল শোনার পর উচ্ছ্বসিত শামিম বলে, ‘আমার খুব ইচ্ছা সেনা কর্মকর্তা হওয়ার। কিন্তু ভালো কলেজে পড়ার খরচ চালাতে পারবে না আমার বাবা-মা। এত দিন ইটভাটায় কাজ করেছি। লেখাপড়াও চালিয়ে গেছি। কিন্তু ভালো কলেজে ভর্তি হলে দিনমজুরির কাজ করার সময় থাকবে না।’ সে পঞ্চম শ্রেণীতেও বৃত্তি পেয়েছিল। কথা হয় নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ভবিষ্যতে সহযোগিতা পেলে ছেলেটা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে।’কম্পোজ করে সংসার চালায় শিবচরের সুজন: ‘খিদা পাইলে পড়া শেষে প্রায় রাইতে পানি খাইয়া ঘুমাইত আমার সুজন। কত দিন যে না খাইয়া স্কুলে গেছে...।’ কাঁদতে কাঁদতে ছেলের দুঃখ-কষ্টের কথা বর্ণনা করছিলেন ইলা রানী সূত্রধর। তাঁর ছেলে সুজন চন্দ্র সূত্রধর এবার মাদারীপুরের শিবচর উপজেলার খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সুজনদের বাড়ি শিবচর পৌরসভার সুতারবাড়ি এলাকায়। মা-বাবা ও এক বোন, এই নিয়ে তাদের সংসার। সুজনের বাবা সুদেব সূত্রধর অন্যের দোকানে দর্জির কাজ করে দিনে ৭০ থেকে ১০০ টাকা পান। আর মা ইলা রানী অন্যের বাড়িতে শ্রম দিয়ে মাঝেমধ্যে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। পরীক্ষার পর কলেজে ভর্তির প্রস্তুতি না নিয়ে সুজন এখন কম্পিউটার কম্পোজের কাজ নিয়ে ব্যস্ত। সৈয়দ আশরাফ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল হক বলেন, ‘সুজন হতদরিদ্র পরিবারের ছেলে। ওরা দুই বেলাও পেটভরে খেতে পারে না।’শিক্ষক হতে চায় সিলেটের সজিব: সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় এবার এসএসসিতে সিলেট শিক্ষাবোর্ডের মধ্যে সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় হয়েছে। গত শনিবার দুপুরে ফল ঘোষণার পর শিক্ষার্থীদের আনন্দ যেন আর ধরে না। এত এত আনন্দ-উল্লাসের মধ্যে এক ছেলেকে মলিন মুখে বসে থাকতে দেখা গেল। যেন বা খারাপ ফলাফলের জন্য মন খারাপ তার। কাছে গিয়ে জানা গেল, অকৃতকার্য নয়, এই প্রতিষ্ঠান থেকে মানবিকে একমাত্র জিপিএ-৫ পেয়েছে ছেলেটি। তবে মলিন কেন মুখ—এমন প্রশ্নে আশপাশের সবাই ক্ষণিকের জন্য চুপ হয়ে যায়। সজিবই নীরবতা ভাঙে এবার। বলে, ‘ধারকর্জ করি তো পাস করলাম। অনে করতাম টা কী? আমি যে শিক্ষক হইতে চাইছিলাম!’সজিব দাসের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার দত্তপাড়া গ্রামে। বাবা রামকৃষ্ণ দাসের স্থায়ী কোনো পেশা নেই। গৃহশিক্ষকতা থেকে উপার্জিত টাকায় চলে তাদের পরিবার। চার বছর বয়সে সজিব টাইফয়েডে আক্রান্ত হয়ে কোমর থেকে বুক পর্যন্ত বাঁকা হয়ে যায়। সেই থেকে শরীরের এই প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠে সে। রামকৃষ্ণ দাস জানান, সজিব পঞ্চম শ্রেণীতেও বৃত্তি পেয়েছিল। এসএসসিতে পড়ার সময় থেকে শুরু করে সর্বশেষ নির্বাচনী পরীক্ষা ও নিবন্ধনের টাকা ধার করে দিয়েছেন তিনি। রামকৃষ্ণ দাস বলেন, ‘ধারকর্জের সেই টাকা এখনো শোধ হয়নি। তাই এত বড় আনন্দের মধ্যেও ছেলের মুখ মলিন।’সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির আহমদ বলেন, ‘ছেলেটির শারীরিক অবস্থার জন্য সবাই মায়ার দৃষ্টিতে দেখেছে। এখন এ ফলাফলে তার প্রতি সবার মায়া আরও বেড়ে গেল।’[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন মুক্তার হোসেন, নাটোর; মীর মাহমুদুল হাসান, নীলফামারী; আয়শা সিদ্দিকা, শিবচর (মাদারীপুর) ও উজ্জ্বল মেহেদী, সিলেট ]