দুঃশাসনের ফলে রাষ্ট্রের তিন বিভাগে মারামারি: ফখরুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনার দুঃশাসনের ফলেই সংসদ, শাসন ও বিচার বিভাগের মধ্যে আজ মারামারি শুরু হয়েছে। আপনি এমনভাবে দেশ পরিচালনা করছেন, এমনই শাসন দিচ্ছেন, রাষ্ট্রের মূল স্তম্ভগুলোর শৃঙ্খলা নষ্ট হয়ে পড়ছে।’গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এ কথা বলেন।বিএনপির নেতা ইলিয়াস আলীকে জীবিত ফেরত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন এবং জামিনে মুক্তি দেওয়ার পর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান, সাধারণ সম্পাদক শরাফত আলীসহ কেন্দ্রীয় নেতাদের কারাফটক থেকে আবার আটকের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ডাকা হয়।মির্জা ফখরুল বর্তমান সরকারের উদ্দেশে বলেন, ‘কৌশল-অপকৌশল, মোবাইল কোর্টের ব্যবহার, র্যাব দিয়ে ধরিয়ে নিয়ে যাওয়া ইত্যাদির মাধ্যমে যে ভয়ংকর ঘটনার সূত্রপাত আপনারা করেছেন, তা একটি বিপৎসংকেত। এটি বুমেরাং হয়ে ফিরে আসবে এবং তখন আপনাদের কিছুই করার থাকবে না।’নিখোঁজ ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার ব্যাপারে তাঁর মেয়েকে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ইতিহাসে কোনো সরকার নির্যাতন, খুন, গুম দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এ সরকারের সময় শেষ হয়ে এসেছে। জনগণ জেগে উঠেছে। এ জাগরণ আরও বাড়বে। এ সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকতউল্লা প্রমুখ।