২৮ বছর আগে স্বামী যখন চোখের দৃষ্টি হারান, তখন সন্তানদের নিয়ে প্রায় পথে বসার মতো অবস্থা হয়েছিল চট্টগ্রামের সন্দ্বীপের নীলিমা বালার। স্বামী দরজির কাজ করতেন। তাঁর আয়েই চলত সংসার। কিন্তু কঠিন দুঃসময়ে ভেঙে পড়েননি নীলিমা। বাড়ি বাড়ি ছাত্র পড়িয়ে, মুদি দোকান আর চাষবাস করে সংসারের অর্থনৈতিক চাকা সচল রাখেন তিনি। এখন ২০ শতক জমির মালিক তিনি, পাকা বাড়ি করেছেন। সন্দ্বীপের মুছাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবেও একবার নির্বাচিত হয়েছিলেন।
শত প্রতিকূলতা জয় করে জীবনযুদ্ধে জয়ী হওয়া নীলিমাকে গতকাল শুক্রবার অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়। নীলিমার মতো প্রতিনিয়ত বাধা ঠেলে সমাজে প্রতিষ্ঠিত হওয়া চট্টগ্রাম জেলার পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
সম্মাননা পাওয়া নারীরা হচ্ছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য নীলিমা বালা দাস, সফল জননী নুরুন নাহার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে উম্মে তানজিলা চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ছেনোয়ারা বেগম ও সমাজ উন্নয়নে মোসাম্মৎ নার্গিস আকতার। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া নারীরা নিজেদের জীবনের ঘুরে দাঁড়ানোর গল্প বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, সম্মাননা পাওয়া নারীরা সমাজের সব নারীর প্রেরণা। সমাজ ও পরিবারে একজন নারীর অবদান অমূল্য। নারীদের শিক্ষিত ও সচেতন করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করা গেলে রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদার, চট্টগ্রাম জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, মানবাধিকার নেত্রী জেসমিন সুলতানা, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা শাহীনা চৌধুরী প্রমুখ।