অধ্যাপক আনিসুজ্জামান দেশের দুঃসময়ের কান্ডারি, সবার মাথার ওপর বিশাল এক ছায়া। তিনি সবারই শিক্ষক ও পরামর্শদাতা। উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার অধ্যাপক আনিসুজ্জামানকে ‘পদ্মভূষণ’প্রাপ্তিতে দেওয়া এক সংবর্ধনায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘এই পদ্মভূষণ পদক আমার কাছে একদিকে আনন্দের, অন্যদিকে বিব্রতকর। কেননা, এই পদকপ্রাপ্তি ছিল আমার কাছে অযাচিত ও অপ্রত্যাশিত। আমার বড় অর্জন হচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, একজন শিক্ষক এবং সবচেয়ে বড় অর্জন হচ্ছে, এই বিশ্ববিদ্যালয় আমাকে ইমেরিটাস অধ্যাপক নিয়োগ করেছে।’
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘তাঁর এ অর্জনের ফলে আমরা সকলে গর্বিত। দেশ ও জাতির যেকোনো দুঃসময়ে এবং ক্রান্তিলগ্নে তাঁর কাছ থেকে আমরা বলিষ্ঠ নেতৃত্ব ও দিকনির্দেশনা পেয়েছি।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামান আমাদের সকলের শিক্ষক, একই সাথে তিনি আমাদের পথপ্রদর্শক।’