দুঃসহ অপেক্ষায় দুই পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে চিকিৎসক, তাই ছেলে সাব্বির হাসানকে প্রকৌশলী বানাতে চেয়েছিলেন বাবা-মা। লেখাপড়া শেষ করে বেড়াতে গিয়ে সেই ছেলে হারিয়ে গেছেন সেন্ট মার্টিনে। চার দিন পেরিয়ে গেলেও লাশ মেলেনি। পারিবারিক অ্যালবাম দেখে আহাজারি করছেন বাবা মনোয়ার হোসেন ও মা সেলিনা আক্তার। গতকাল তাঁদের মোহাম্মদপুরের বাসা থেকে তোলা ছবি ।  প্রথম আলো
মেয়ে চিকিৎসক, তাই ছেলে সাব্বির হাসানকে প্রকৌশলী বানাতে চেয়েছিলেন বাবা-মা। লেখাপড়া শেষ করে বেড়াতে গিয়ে সেই ছেলে হারিয়ে গেছেন সেন্ট মার্টিনে। চার দিন পেরিয়ে গেলেও লাশ মেলেনি। পারিবারিক অ্যালবাম দেখে আহাজারি করছেন বাবা মনোয়ার হোসেন ও মা সেলিনা আক্তার। গতকাল তাঁদের মোহাম্মদপুরের বাসা থেকে তোলা ছবি । প্রথম আলো

কক্সবাজারের সেন্ট মার্টিনে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ঢাকার আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সাব্বির হাসান ও ইশতিয়াক বিন মাহমুদের সন্ধান গতকাল বৃহস্পতিবারও মেলেনি। চার দিনেও খোঁজ না পাওয়ায় তাঁদের পরিবারে চলছে দুঃসহ অপেক্ষা। দুই পরিবারেই চলছে আহাজারি।
সেন্ট মার্টিনে গত সোমবার দুপুরে সাগরে নেমে মারা যান ওই বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ করা দুই শিক্ষার্থী, নিখোঁজ হন চারজন। নিখোঁজ চারজনের মধ্যে দুজনের লাশ বুধবার উদ্ধার করা হয়।
নিখোঁজ সাব্বির হাসানের বাসা ঢাকার মোহাম্মদপুরে। গতকাল সকালে তাঁদের বাসায় গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা আহাজারি করছেন। তাঁর বাবা হাসানুর রহমান ও মা সেলিনা আক্তার সাব্বিরের ছবি দেখতে দেখতে কাঁদছেন। হাসানুর রহমান বলেন, ‘আমি ছেলের জন্য অপেক্ষা করছি। জানি না এই অপেক্ষা কবে শেষ হবে।’
দুপুরে ইশতিয়াকের বাবা মাহমুদ উল্লাহ গাজীকে ফোন করা হলে প্রথমে ফোন ধরেছিলেন তাঁর খালা সেলিনা। সাংবাদিক পরিচয় পেয়ে মাহমুদ উল্লাহ তাঁর কাছ থেকে ফোন নিয়ে বললেন, ‘আমার ছেলেকে পাওয়া গেছে?’ জবাব না পাওয়ায় অপর প্রান্ত থেকে শোনা যায় কান্নার শব্দ। খবর পেলে জানানো হবে—এ কথায় তিনি আহাজারি করে বললেন, ‘ছেলে হারানো মা এখন পাগলপ্রায়। আমরা এখন তার লাশের অপেক্ষায় আছি। ছেলের লাশটি ফেরত দিন।’
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন প্রথম আলোকে জানান, গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দ্বীপের চারদিকে কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও ফিশিং বোট মালিক সমিতির লোকজন নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে তৎপরতা চালান। কিন্তু সন্ধান মেলেনি।
সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. শহিদ আল আহসান জানান, নিখোঁজ দুজন হয়তো স্রোতের টানে গভীর সাগরে ভেসে গেছেন। তাই সেন্ট মার্টিন চ্যানেলে টহলে আসা নৌবাহিনীর জাহাজ বিএন শাপলাকে গভীর সাগরে ১০-১২ কিলোমিটার দূরে অভিযানে থাকতে বলা হয়েছে। সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।
সোমবার সাগর থেকে উদ্ধার করা পাঁচ ছাত্রের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মানফেজুল ইসলাম ও সাদ্দাম হোসেন মারা যান। নিখোঁজ চারজনের মধ্যে বুধবার শাহরিয়ার ইসলাম নোমান এবং এস এম গোলাম রহিম বাপ্পীর লাশ উদ্ধার করা হয়।
সমুদ্রসৈকত ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা: নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জানান, কক্সবাজার সমুদ্রসৈকতের ১২০ কিলোমিটারের মধ্যে নয় কিলোমিটারে উদ্ধারকর্মীর টহল রয়েছে। অরক্ষিত রয়েছে ১১১ কিলোমিটার সৈকত।
দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সমুদ্রসৈকত ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এই অরক্ষিত সৈকতের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত চিহ্নিতকরণ, লাল পতাকা উত্তোলন, সতর্কীকরণ সাইনবোর্ড তুলে পর্যটকদের সতর্ক এবং সেন্ট মার্টিনের জন্য উদ্ধারকর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, সৈকতের দেড় হাজার ফুট এলাকাকে বিশেষ জাল বা নেট দিয়ে ঘিরে পর্যটকদের নিরাপদ গোসলের ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ চলছে। এ জন্য দরকার প্রায় তিন কোটি টাকা। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজটি শেষ করা যাচ্ছে না।
ময়মনসিংহ অফিস জানায়, নোমানের লাশ গতকাল সকাল নয়টার দিকে ময়মনসিংহ সদরের লক্ষ্মীতারা গ্রামে পৌঁছালে হূদয়-বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা নজরুল ইসলাম, মা শামসুন্নাহার বেগম ও ছোট বোন নিশি।
বেলা ১১টায় পৌর কবরস্থান জামে মসজিদের মাঠে জানাজা শেষে নোমানের লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি মুক্তাগাছার মহিষতারায়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
শামসুন্নাহার বেগম বলেন, পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার কথা ছিল ছেলের। কিন্তু সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে ফিরল লাশ হয়ে।
পরিপত্র জারি: শিক্ষা মন্ত্রণালয় গতকাল জারি করা পরিপত্রে বলেছে, এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাসফর বা বনভোজনে যাওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানপ্রধানের অনুমতি নিতে হবে। সফরে দায়িত্বশীল শিক্ষককে সঙ্গে নিতে হবে। একই সঙ্গে বনভোজনের স্থান সম্পর্কে আগেই শিক্ষার্থীদের ধারণা দিতে হবে। শিক্ষাসফরে যাওয়ার আগে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। বড় ধরনের শিক্ষাসফর বা বনভোজন হলে স্থানীয় প্রশাসনের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়কেও অবহিত করতে হবে।