
কলেজছাত্র মামুন মৃধার শখ ছিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটা জনসমাবেশ খুব কাছ থেকে দেখবেন। ২০০৪ সালের ২১ আগস্ট তাঁর সেই ইচ্ছাও পূরণ হয়েছিল। কিন্তু তিনি আর ফিরে আসতে পারেননি। এক যুগ ধরে ছেলে হারানোর বেদনা নিয়ে বেঁচে আছেন বাবা মোতালেব মৃধা।
কেবল মামুনই নন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত ২২ জনের পরিবার এক যুগ ধরে স্বজন হারানোর বেদনা নিয়ে বেঁচে আছে। আর ওই হামলায় যাঁরা আহত হয়েছিলেন, তাঁরা এখনো শারীরিক-মানসিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। শরীরে তাঁদের গ্রেনেডের শত শত স্প্লিন্টার। ২০০৪ সালের ২১ আগস্ট তাঁদের কাছে এক দুঃস্বপ্নের মতো।
পটুয়াখালী থেকে মাধ্যমিক পাস করে উচ্চমাধ্যমিকে পড়তে ঢাকায় এসেছিলেন মামুন মৃধা। ভর্তি হয়েছিলেন পুরান ঢাকার কবি নজরুল কলেজে। থাকতেন বাগদাসা লেনে চাচার বাসায়। খোঁজ নিতে সেখানে গিয়ে কথা হয় তাঁর চাচা আনোয়ার মৃধার সঙ্গে। ভাতিজার কলেজের পরিচয়পত্রটা এখনো সংরক্ষণ করে রেখেছেন তিনি।
সেদিনের স্মৃতিচারণা করে আনোয়ার মৃধা বললেন, ‘আমার বাসায় থাকত। আমার ছেলেটাকে পড়াত। সেদিন দুপুরের খাবার তাড়াতাড়ি খেল। আমাকে বলল, ওর খুব ইচ্ছা নেত্রীকে (শেখ হাসিনা) খুব কাছ থেকে দেখবে। আজকের সমাবেশে তাই তাড়াতাড়ি যেতে চায়।
বিকেলে গ্রেনেড হামলার খবর শুনে বুকটা ছ্যাঁৎ করে উঠল। খোঁজাখুঁজি করে জানলাম, ঢাকা মেডিকেলে লাশ পড়ে আছে।’
গোপালগঞ্জের কোটালীপাড়ার মেয়ে সুফিয়া বেগম থাকতেন হাজারীবাগের ছোট্ট একটা বাড়িতে। দুই ছেলে ছোট থাকা অবস্থাতেই স্বামী মারা যান। এমন দুরবস্থার মধ্যেও তিনি রাজনীতি ছাড়েননি। হাজারীবাগের মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। ২১ আগস্টের সমাবেশে নিহত হন তিনিও।
হাজারীবাগ পার্কের সামনে একটা ছোট্ট বাড়িতে সেদিনের স্মৃতিচারণা করে সুফিয়া বেগমের বড় ছেলে সোহেল মুন্সি প্রথম আলোকে বললেন, ‘২১ আগস্টের সমাবেশের দিন মা দুপুরের আগেই চলে যান। বলেন, “শোন, আমি দুপুরে রান্না করতে পারব না। তোরা রান্না করে খেয়ে নিস। আমি রাতে এসে রান্না করে খাওয়াব।”’ সোহেল বললেন, ‘বিকেলে বোমা হামলার খবর শুনে বুকটা ধক করে উঠল। খবর পেয়ে ঢাকা মেডিকেলে গেলাম। দেখি মায়ের রক্তাক্ত লাশ। মা আইভি রহমানের পাশে ছিলেন।’
আওয়ামী লীগের সমাবেশ হলেই ছুটে যেতেন খিলগাঁওয়ের ত্রিমোহিনীর শামসুদ্দিন। সেদিনও গিয়েছিলেন। তাঁর স্ত্রী অায়েশা বেগম বললেন, ‘আমরা তিন দিন ধরে এখানে-ওখানে লাশ খুঁজি। এরপর মতিঝিল থানায় গিয়ে তাঁর ছবি পাই। পুলিশ জানায়, লাশ দাফন হয়ে গেছে আজিমপুরে। শেষবারের জন্যও আমরা কেউ তাঁকে দেখতে পারলাম না।’

পুরান ঢাকার যুবলীগের কর্মী বেলাল হোসেনের মা রোকেয়া বেগম সেদিনের স্মৃতিচারণা করে বললেন, ‘সেদিন বেলালের শরীরটা ভালো ছিল না। ঠান্ডা লেগেছিল। দুপুরের ভাত খায়নি। আমাকে বলল, “মা, নেত্রীর সমাবেশে যাব।” আমি বললাম, খাবি না? আমাকে বলল, “মা, বেশি করে ঝাল দিয়ে ভর্তা বানিয়ে রাখো। বিকেলে এসেই খাব।” কিন্তু আমার ছেলে তো আর ফিরল না।’
নিহত মোশতাক হোসেনের স্ত্রী আইরিন সুলতানা, রতন সিকদারের স্ত্রী রোজি বেগম, শেখ হাসিনার নিরাপত্তাকর্মী মাহাবুব রশীদের স্ত্রী শামীমা আক্তার, রফিকুল ইসলাম ওরফে আদা চাচার মেয়ে মাহবুবা বেগমসহ নিহত প্রতিটি পরিবারেই আছে বেদনার এমন নানা স্মৃতি। এই পরিবারগুলোর অভিযোগ, এখন আর কেউ আগের মতো খোঁজ নেয় না। আর ২১ আগস্টের অনুষ্ঠানসূচিতেও তাঁদের কোনো গুরুত্ব থাকে না।
বন্ধুর চিরবিদায়
একসঙ্গে একই পাড়ায় বেড়ে উঠেছেন পুরান ঢাকার হারুন-অর-রশিদ ও বেলাল হোসেন। ৩৫ বছরের এই সম্পর্কের ছেদ ঘটে ২০০৪ সালের ২১ আগস্ট। সেদিনের হামলায় বেলাল মারা গেছেন। আহত অবস্থায় বেঁচে আছেন হারুন-অর-রশিদ। তিনি তখন ঢাকা সিটি করপোরেশনের ৬৯ নম্বর ওয়ার্ড (বর্তমান দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড) যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
সেদিনের স্মৃতিচারণা করে হারুন-অর-রশিদ বললেন, ‘আপার (শেখ হাসিনার) বক্তব্য শেষে প্রচণ্ড শব্দ। দেখি চারপাশে সাদা ধোঁয়া। কী হয়েছে কিছু বোঝার অগেই মাটিতে পড়ে গেলাম। পাড়ার দুই ছেলে আমাকে টেনে তোলে। পাশেই দেখি ছোটবেলার বন্ধু বেলাল পড়ে আছে। পুলিশ আমাদের দিকে বন্দুক নিয়ে তেড়ে আসছে। আমার দুই হাত থেকে তখন ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আমি বললাম, বন্ধু বিদায়।’
হারুন জানালেন, ব্যাংকক থেকে উন্নত চিকিত্সা নিয়েছেন। মাথার হাড় কেটে ভেতর থেকে স্প্লিন্টার বের করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে এখনো রয়েছে অনেকগুলো স্প্লিন্টার।
আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য কাজী শাহনারা ইয়াসমিন জানান, ২০১৪ সালে চিকিত্সা নিয়েছেন ব্যাংককে। পুরোপুরি সুস্থ হননি। এখনো সারাক্ষণ গায়ে জ্বর থাকে। স্প্লিন্টারের কারণে বাঁ কাত হয়ে শুতে পারেন না। ধীরে ধীরে তাঁর বাঁ পা অবশ হয়ে আসছে।
নোয়াখালীর মেয়ে শাহিন আক্তার ছিলেন ঢাকার মোহাম্মদপুরের ৪২ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি। তৃতীয় গ্রেনেডটা তাঁর শরীরেই পড়েছিল। চিকিৎসা এখনো চলছে। বললেন, ‘প্রতিবছর ভারতে যাওয়া লাগে। সারা শরীরে স্প্লিন্টার। স্বামী ছেড়ে চলে গেছে। ছেলেটাকে নিয়ে বেঁচে আছি।’