দুঃসহ যন্ত্রণায় কিশোরীটি
কিশোরীটির (১৪) এখন আনন্দে সময় কাটানোর কথা পরিবার-পরিজনের সঙ্গে। সহপাঠীদের সঙ্গে প্রাণোচ্ছল আড্ডায় মেতে ওঠার কথা। অথচ তার সময় কাটে দুঃসহ যন্ত্রণায়। কারণ, সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ গ্রামের এক যুবক মেয়েটির এই সর্বনাশ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের মহেশখালী উপজেলায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার শাপলাপুর ইউনিয়নের ওই মেয়েটিকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায় দুই বছর ধরে প্রেম নিবেদন করছিলেন একই এলাকার জিয়া উদ্দিন (২২)। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির সরলতার সুযোগ নিয়ে এবং তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলেন জিয়া। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। জিয়াকে তা জানানো হলে তিনি মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এদিকে মেয়েটির শারীরিক গঠনে পরিবর্তন আসে। দিনের পর দিন তার অসুস্থতা বাড়তে থাকে। বাধ্য হয়ে অভিভাবকেরা মেয়েটিকে গত বুধবার কক্সবাজার সদরের চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার ক্লিনিকে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।মেয়ের বাবা বলেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু ছেলের অভিভাবকেরা তা মানেননি। পরে বাধ্য হয়ে মামলা করতে হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহ আলম প্রথম আলোকে বলেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে দেওয়ার উদ্যোগ একাধিকবার নেওয়া হয়েছিল। মেয়েপক্ষ রাজি হলেও ছেলেপক্ষ রাজি হয়নি।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ওই ঘটনায় মেয়েটি বাদী হয়ে সাতজনকে আসামি করে গত শুক্রবার রাতে থানায় একটি মামলা করেছে। পুলিশ রাতেই জিয়া উদ্দিনের দুই ভাই নেজাম উদ্দিন ও সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। তাঁদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও জিয়া উদ্দিনকে পাওয়া যায়নি। তাঁর বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। পরিবারের সবাই আত্মগোপন করেছেন বলে প্রতিবেশীরা জানান। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট রুহুল আমিন আনছারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, মেয়েটি নিয়মিত মাদ্রাসায় আসত। কিন্তু ঈদুল ফিতরের ছুটির পর সে এক দিনও মাদ্রাসায় আসেনি। পরে খোঁজ নিয়ে জানা যায়, সে অন্তঃসত্ত্বা।