দুঃসহ স্মৃতি ওদের এখনো তাড়া করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধসে ডান পা হারান সোনিয়া বেগম। জীবিকা হারিয়ে এখন খুঁড়িয়েই চলছে তাঁর জীবন। গত শুক্রবার গাইবান্ধার সাদুল্যাপুরের পূর্ব দামোদরপুর গ্রামে স্বামীর দোকানে সন্তান কোলে সোনিয়া l প্রথম আলো
রানা প্লাজা ধসে ডান পা হারান সোনিয়া বেগম। জীবিকা হারিয়ে এখন খুঁড়িয়েই চলছে তাঁর জীবন। গত শুক্রবার গাইবান্ধার সাদুল্যাপুরের পূর্ব দামোদরপুর গ্রামে স্বামীর দোকানে সন্তান কোলে সোনিয়া l প্রথম আলো

রানা প্লাজা ধসের ঘটনার তিন বছর হয়ে গেলেও এখনো দুঃসহ স্মৃতি তাড়া করে ফেরে শ্রমিকদের। আহত শ্রমিকদের অনেকেই পুরোপুরি সুস্থ হননি। তাঁদের অনেকে আবার অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তাই অনেকে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ দামোদরপুর গ্রামের সায়েব মণ্ডলের মেয়ে সোনিয়া বেগম (২১)। রানা প্লাজা ধসে পা হারিয়েছেন সোনিয়া। ২০১১ সালে মিজানুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। দুজনই অষ্টম শ্রেণি পাস। তবে বিয়ের পর বছর দুয়েক বেকার জীবন কাটান। এরপর দুজন রানা প্লাজা ভবনের এক কারখানায় কাজ নেন। চাকরির ২২ দিনের মাথায় ভবন ধসের ঘটনা ঘটে। মিজানুর অন্য কাজে বাইরে থাকায় বেঁচে যান।
সোনিয়া বেগমের সঙ্গে কথা হয় তাঁদের বাসায়। তিনি বলেন, ধসের তিন দিন পর উদ্ধারকর্মীরা তাঁকে উদ্ধার করেন। এনাম হাসপাতালে ডান পা কোমরের নিচ থেকে কেটে ফেলা হয়। সোনিয়া ১০ লাখ টাকা অর্থ সহায়তা পেয়েছেন। সেখান থেকে প্রতি মাসে ১০ হাজার করে টাকা পান। প্রথম আলোকে সোনিয়া জানান, ওই টাকায় এখনো চিকিৎসা ও সংসার চালাতে হয়।
সোনিয়ার স্বামী মিজানুর রহমান বলেন, ‘বাড়িতে ছোট আকারের মনিহারি দোকান দিয়েছি। দুজনেই ব্যবসা দেখাশোনা করছি। সাত মাসের শিশু মিম্মি ও মা-বাবাকে নিয়ে কোনো রকমে সংসার চলছে। সরকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো চাকরি পাইনি।’
সাদুল্যাপুর উপজেলার কিশামত হলদিয়া গ্রামের স্মৃতি রানী রানা প্লাজা ধসে নিহত হন। তাঁর মা সন্ধ্যা রানী বলেন, ‘স্মৃতির চাকরির টাকায় সংসার চলত। প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা পাই। সে সময় বলা হয়েছিল, নিহত পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে। কিন্তু চাকরি দূরের কথা, কেউ খোঁজও নেয়নি।’
একই ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের দিনমজুর ওয়াহেদ আলীর ছেলে সবুজ মিয়া ভবন ধসের ঘটনায় নিহত হন। ঘটনার ১৬ দিন পর ছেলের হাড়গোড় ফিরে পান মা-বাবা। সবুজের মা মঞ্জিলা বেগম বিলাপ করে বলেন, ‘তোমরা ছোলট্যাক আনি দ্যাও।’
বছর পাঁচেক আগে দিনাজপুরের মোস্তাফিজুর রহমানকে বিয়ে করেন রেবেকা আক্তার। তবে রানা প্লাজা ধসে মোস্তাফিজ আর রেবেকার সুখের সংসার লন্ডভন্ড হয়ে যায়। রানা প্লাজার ইট-পাথরের স্তূপে হারিয়ে যান মা চান বানু। মারা যান দাদি ও ফুফু। রেবেকা হারিয়ে ফেলেন দুটি পা।
গত বুধবার রেবেকা প্রথম আলোকে বলেন, ঘটনার পর তাঁর জ্ঞান ছিল না। দুই দিন পর জ্ঞান ফেরে। তখন চিৎকার করতে থাকলে কয়েকজন উদ্ধারকর্মী কাছে আসেন। কিন্তু পায়ের ওপর বিম থাকায় উদ্ধার করতে পারেন না। এ সময় রেবেকা উদ্ধার কর্মীদের তাঁর স্বামীর মুঠোফোন নাম্বর দেন। পরে তাঁর স্বামী এসে উদ্ধারকর্মীদের সহায়তায় তাঁকে উদ্ধার করেন। হাসপাতালে দীর্ঘ এক বছর রেবেকাকে চিকিৎসা নিতে হয়। বাম পা কোমর পর্যন্ত ও ডান পা গোড়ালি পর্যন্ত কেটে ফেলতে হয়েছে।
রেবেকা বলেন, ‘দুর্ঘটনার পর থেকে সারা শরীর প্রচণ্ড ব্যথা করে। দুই পায়ের হাড় বেড়ে গেছে। ব্যথায় কুঁকড়ে যায় শরীর। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছি না।’ তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা পেয়েছেন। সেটি স্থায়ী আমানত হিসাবে ব্যাংকে আছে।
একই ঘটনায় বাম হাত হারিয়েছেন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের শাপলা। স্বামী মেহেদুলের সঙ্গে নিউ ওয়েব বটমে অপারেটর পদে স্বামী-স্ত্রী দুজনই কাজ করতেন। দুর্ঘটনায় অলৌকিকভাবে স্বামী বেঁচে গেলেও বাম হাত হারান শাপলা। সেই সঙ্গে মাথায় দিতে হয় ১১০টি সেলাই। শাপলা জানান, শরীরের অসংখ্য জায়গায় আঘাত লাগায় প্রচণ্ড ব্যথা করে। প্রতিনিয়ত চুলকায় সারা শরীর। চুলকাতে চুলকাতে শরীরকে ক্ষতবিক্ষত করেন।
২০০৯ সালে পারিবারিকভাবে পাবনার ঈশ্বরদীর তোফাজ্জল হোসেনের সঙ্গে বিয়ে হয় রোকসানার। স্বামী পেশায় অটোরিকশার চালক। ঈশ্বরদীতে ভাড়া বাড়িতে থাকতেন। পরে কাজের খোঁজে ঢাকার সাভারে চলে যান। ২০১১ সালের মাঝামাঝি রোকসানা কাজ নেন রানা প্লাজার সপ্তম তলার নিউ স্টাইল গার্মেন্টসে। স্বামী অটোরিকশা চালাতে শুরু করেন সাভার এলাকায়।
রানা প্লাজা ধসে রোকসানার ডান পা কাটা পড়ে। এরপর থেকে তাঁর প্রতি স্বামীর অবহেলা শুরু হয়। চিকিৎসার জন্য যেখান থেকে যে টাকা পেয়েছেন, তা তাঁর স্বামী আত্মসাৎ করেছেন। সুস্থ্ হয়ে বাড়ি ফেরার পর ১০ লাখ টাকার সঞ্চয়পত্র পান। স্বামী ওই টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পাঁয়তারা শুরু করেন। অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়েন।
রোকসানা বলেন, টাকার জন্য মাঝেমধ্যেই মারপিট করতে থাকে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তিনি স্বামী সংসার ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সেখানেও শান্তিতে নেই। চার ভাইবোনের সবারই পৃথক সংসার। তিনি থাকেন মা-বাবার সঙ্গে। প্যারাইলাসে আক্রান্ত বাবা কাজ করতে পারেন না। তাই সঞ্চয়পত্রের মাসিক মুনাফা দিয়ে সংসার চালাতে হয়।
রোকসানা প্রথম আলোকে বলেন, ‘খাবার, ওষুধ, পথ্য সবকিছু মিলিয়ে সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে না। তাই একটা কাজ চাই। সরকার বলেছিল আমাদের চাকরি দেবে। কিন্তু চাকরি তো পেলাম না। সব হারিয়েছি, চাকরিটা পেলে বেঁচে যেতাম।’
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন: শাহাবুল শাহীন, গাইবান্ধা; সরোয়ার মোর্শেদ, পাবনা এবং এ এস এম আলমগীর, বিরামপুর (দিনাজপুর) ৷