মানব পাচারকারীদের হাত থেকে দুঃসহ স্মৃতি নিয়ে অবশেষে ধুনটের সাত তরুণ বাড়ি ফিরেছেন।
এর মধ্যে নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের আরিফুল ইসলাম (১৮), জিয়ারুল ইসলাম (২০), জুয়েল রানা (২০), সাগর আলীসহ (১৫) চারজন গত ২১ জুন সন্ধ্যায় এবং এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের আমিনুর ইসলাম (২৮), জিহাদুল ইসলাম (২৮) ও পারধুনট গ্রামের আসাদুল ইসলাম (২৭) ২৫ জুন দুপুরে বাড়ি ফিরেছেন।
২২ জুন সকালে নাংলু গ্রামে আরিফুল ইসলামের বাড়িতে গিয়ে সেখানেই কথা হয় চার তরুণের সঙ্গে। এ সময় জুয়েল রানা বলেন, ‘দিনে একবার করে এক কেজি চালের ভাত ১৫ জনকে খাইতে দিত। তার সঙ্গে দুকোনা শুকনা মরিচ আর একনা ছোট পানির বোতল। ক্ষুধায় পেটের নাড়িভুঁড়ি ছিঁড়ে যায়। একসময় গায়োত সব বলশক্তি হাইরা ফেলাই। গরু-ছাগলের নাকাল চার হাত-পাও দিয়া হাঁইটা চলাফেরা করছি। কথা কওয়ানোর আগেই দালালরা মারধর কইরা লোকজনের বুক ফাইড়া সাগরে ভাইসা দেয়। এ জন্য ভয়ে না খাইয়া টলারের পাটাতোনের নিচে পড়ে থাকতে হয়েছে। প্রায় দুই মাস ধরি মারধর ও পানির ওপর ভাইসা কোনমতি মৃত্যুর হাতোত্তিনি রক্ষা পাইছি। ভাবতে পারিনি আর কোনো দিন বাড়িতে ফিরতে পারুম।’ চোখের পানি মুছতে মুছতে এভাবেই চার তরুণ বর্ণনা দিলেন তাঁদের দুর্বিষহ জীবনের দুঃসহ বেদনার স্মৃতি।
জুয়েল রানা বলেন, ‘এই গ্রামের দালাল জুলফিকার হামাইগরে বিদেশ যাওয়ানের লাইগা উসকে দিয়েছে। আমরা তার উসকানিতেই সাগরপথে বিদেশ যাওয়ানোর লাইগা রাজি হইছি। কিন্তু হামরা একই গ্রামের মানুষ সে যে ফাঁকি দিয়ে হামাইগরে বিদেশে পাঠানোর নামে এভাবে বেইচা দিব তা তো জানা ছিল না।’ এসব কথা বলার একপর্যায়ে চার তরুণ তাঁদের গায়ের কাপড় খুলে শরীরে অমানবিক নির্যাতন ও আঘাতের চিহ্ন দেখান।
জিয়ারুল ইসলাম জানান, গত ২৮ মার্চ এলাকার এক দালাল মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে তাঁদের চারজনকে কক্সবাজার নিয়ে যায়। সেখানে একটি ছোট ঘরে তাঁদের পাঁচ দিন রাখা হয়। দালালেরা পাঁচতলা বড় জাহাজে ওঠানোর কথা বলে ২ এপ্রিল সন্ধ্যার দিকে মহেশখালী উপকূল দিয়ে তাঁদের ছোট একটি ইঞ্জিন নৌকায় তুলে দেয়। এরপর ২১ মে পর্যন্ত একটি ট্রলারে তাঁরা প্রায় ২০০ লোক সাগরে ভাসতে থাকেন। এ সময় মুক্তিপণের জন্য তাঁদের মারধর করা হয়। তাঁদের বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে ট্রলারে থাকা আবদুল হামিদ ও আলম নামের দুই পাচারকারী।
এ ঘটনায় এক মাস আগে জিয়ারুল ইসলামের বাবা আনছার আলী বাদী হয়ে জুলফিকার আলী ও শৌখিনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। তিনি দাবি করেন, পুলিশ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।
অভিযুক্ত জুলফিকার আলী বলেন, ‘আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। আমার এক বন্ধুর নাম শৌখিন। সেই সুবাদে তার ভগ্নিপতির মাধ্যমে তাদের বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু এ ধরনের ঘটনা যে ঘটবে তা আমার জানা ছিল না। তারা আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এখন মামলা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ২৫ জুন দুপুরে বাড়ি ফিরে তিন তরুণের পক্ষে শৈলমারি গ্রামের আমিনুল ইসলাম জানান, রাজমিস্ত্রির কাজ করতে তাঁরা ছয়জন চট্টগ্রাম যান। সেখানে পরিচয় হয় আবু তাহের নামে এক দালালের সঙ্গে। ওই দালাল তাঁদের বলেন মালয়েশিয়া গেলে দৈনিক ৫০০ টাকা মজুরি পাওয়া যাবে, কোনো টাকা-পয়সা অগ্রিম দিতে হবে না। দালালের কথায় বিশ্বাস করে গত ১৬ মার্চ টেকনাফ থেকে তাঁরা ট্রলারে মালয়েশিয়ার পথে যাত্রা করেন। ট্রলারে মোট ৩০০ জন ছিলেন। খাওয়ার অভাবে শতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সাগরে ফেলে দেওয়া হয়। এরপর তাঁদের আরেকটি ট্রলারে ওঠানো হয়।
মালয়েশিয়া সীমান্তে প্রশাসনের কঠোর নজরদারির কারণে দুই মাস পর মানব পাচারকারীরা ইন্দোনেশিয়ার সীমান্তে ট্রলারটি ভাসিয়ে দিয়ে চলে যায়। ওই ট্রলারে মিয়ানমার ও বাংলাদেশের প্রায় ৬০০ নারী-পুরুষ ছিলেন। ট্রলারে মজুত সীমিত খাবার নিয়ে প্রতিদিন দুই দেশের মানুষের মধ্যে মারামারি হতো। মিয়ানমারবাসী সংঘবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে সাগরে নিক্ষেপ করতে থাকে। অবস্থা বেগতিক ভেবে বাংলাদেশিরা জীবন বাঁচাতে ট্রলারের তলা ফুটো করে দেন। তখন ওই ট্রলার ডুবতে থাকে। এ অবস্থায় ১৫ মে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূল থেকে স্থানীয় জেলেরা তাঁদের উদ্ধার করেন। এঁদের মধ্যে জিহাদুল, আমিনুর, আলমগীর, আসাদুল, আজিবর ও লিখন মিয়া ছিলেন।
পরে এঁদের ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের অস্থায়ী একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে ২৪ জুন মধ্যরাতে বিমানযোগে ঢাকায় পৌঁছান আমিনুর, জিহাদুল ও আসাদুল।