অন্য দিনের মতোই ২০০১ সালের ১১ সেপ্টেম্বর শুরু হয়েছিল। ১৩ বছর আগের ওই দিনটিতে ঘটে যাওয়া ঘটনায় শুধু যুক্তরাষ্ট্র নয়, পাল্টে গেছে পুরো বিশ্বই।
অভিবাসীদের নগর নিউইয়র্কে এ দিনটিতে হামলায় নিহত হন বাংলাদেশি মুহাম্মদ সাদেক আলী, মোহাম্মদ শাহাজাহান, সাব্বির হোসেন, সালাউদ্দিন আহমেদ, আবুল কে চৌধূরী, নাভিদ হোসেন, ওসমান গণি, আশফাক আহমেদ ও শাকিলা-নুরুল হক দম্পতিও।
রাত ১০টার আগে ফিরতে পারবেন না বলে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে কাজে গিয়েছিলেন মোহাম্মদ শাহাজাহান। আদরের মেয়ে শিরিনকে কিন্ডারগার্টেনে নামিয়ে দিয়ে ‘গুডবাই’ বলেছিলেন। শেষবারের মতো বাবার বলে যাওয়া সেই ‘গুডবাই’ স্মৃতি নিয়েই বেড়ে উঠেছে শিরিন।
নিউইয়র্ক থেকে ম্যারিল্যান্ডে চলে গিয়েছিলেন সালাউদ্দিন। ১১ সেপ্টেম্বরের আগে আবার নিউইয়র্কে ফিরে আসেন। কাজে যোগ দেন বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উইন্ডোজ অব দ্য ওয়ার্ল হোটেলে। ঘটনার দিন সন্তানসম্ভবা স্ত্রীকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য কাজ বদল করেছিলেন সহকর্মীর সঙ্গে। বিমান হামলার ধ্বংসস্তূপে প্রাণ দেওয়া সালাউদ্দিন দ্বিতীয় সন্তানের মুখ দেখে যেতে পারেননি। ১৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া কিশোর ফারাকাতের কাছে ১১ সেপ্টেম্বর আর তার না দেখা বাবা যেন অনেকটাই সমার্থক।