দুঃসহ স্মৃতি নিয়ে হাসপাতাল ছাড়লেন সেই মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমজ সন্তান হয়েছিল রুনা আক্তারের। কিন্তু এক সন্তানকে নিয়ে বাসায় ফিরতে হচ্ছে তাঁকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ আগস্ট শিশু দুটির জন্ম হয়। ২৭ ঘণ্টা পর একটি শিশু চুরি হয়ে যায়। গতকাল হাসপাতাল ছাড়ার আগে তোলা ছবি l প্রথম আলো
যমজ সন্তান হয়েছিল রুনা আক্তারের। কিন্তু এক সন্তানকে নিয়ে বাসায় ফিরতে হচ্ছে তাঁকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ আগস্ট শিশু দুটির জন্ম হয়। ২৭ ঘণ্টা পর একটি শিশু চুরি হয়ে যায়। গতকাল হাসপাতাল ছাড়ার আগে তোলা ছবি l প্রথম আলো

দুঃসহ স্মৃতি নিয়েই গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়লেন দুঃখিনী মা রুনা আক্তার। নাড়ি-ছেঁড়া ধনকে অজানায় রেখেই হাসপাতাল ছাড়তে হলো তাঁকে। তাঁর যমজ সন্তানের একজন জন্ম নেওয়ার ২৭ ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে।
২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে দুই পুত্রসন্তানের জন্ম দেন রুনা আক্তার। ওই দিন কান্না থামানোর কথা বলে অপরিচিত এক নারী রুনার কাছ থেকে এক শিশুকে কোলে নিয়ে ওয়ার্ডে হাঁটাহাঁটি করেন। এ দৃশ্য হাসপাতালের সিসি ক্যামেরায় ধারণ করা আছে। ধারণা করা হচ্ছে, ওই নারীই শিশুটিকে চুরি করেছেন। ২১ আগস্ট সকালে তাঁর এক সন্তান চুরি হয়।
শিশু চুরির ঘটনায় নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, শিশু চুরির সময় নবজাতক ওয়ার্ডে যাঁরা কর্তব্যরত ছিলেন, দু-এক দিনের মধ্যে তাঁদের সবাইকে অন্য ওয়ার্ডে সরিয়ে দেওয়া হবে। তিনি দাবি করেন, শিশু চুরি করে নেওয়া ওই নারী রোগী সেজে টিকিট কাটলেও চিকিৎসকের কাছে যাননি। শিশু চুরি করতেই ওই ওয়ার্ডে ঢুকেছিলেন। শিশুটি উদ্ধারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত পরিচালকের দপ্তরে ভিডিও ফুটেজ দেখে শিশু চুরি করা সন্দেহভাজন নারীর ছবি শনাক্ত করেন কাওছার-রুনা দম্পতি। পরে ওই ভিডিও ফুটেজটির (যেটি হাসপাতালের সিসি ক্যামেরায় ধারণ করা হয়) কপি শাহবাগ থানা, ডিবি পুলিশ ও র্যাবে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে যে ভিডিও ফুটেজটি পুলিশকে দেওয়া হয়েছে, তা ২০ আগস্ট সকাল ১০টা ৫১ মিনিটে ধারণ করা। শিশুটি চুরি হয়েছে পরদিন ২১ আগস্ট সকাল পৌনে আটায়। তবে ওই সময়ের কোনো ভিডিও ফুটেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই। হাসপাতালের উপপরিচালক মুশফিকুর রহমান ঘটনার দিনই প্রথম আলোর কাছে স্বীকার করেছেন, আগের রাত থেকে হাসপাতালের সিসি ক্যামেরাগুলো বন্ধ ছিল। কেউ হয়তো সিসি ক্যামেরার সুইচ বন্ধ করে রেখেছিল। তাহলে কি হাসপাতালের কর্মীরা শিশু চুরির সঙ্গে জড়িত—এ প্রশ্ন করলে তিনি বলেন, তদন্ত কমিটি কাজ করছে। তারা এটা বের করবে।
গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে অ্যাম্বুলেন্সে করে মোহাম্মদপুরের বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়ার সময় রুনা আক্তার বললেন, ‘এই কদিনে হাসপাতালে থাইক্যা আমি অসুস্থ অইয়া গেছি। বড় আশা ছিল, যমজ দুই বাচ্চা লইয়া বাসায় ফিরমু। এই জন্য গত ছয় দিন ধইর্যা হাসপাতালে পইড়া আছিলাম। কিন্তু বাচ্চা ফিরে পাওয়ার কোনো লক্ষণ দ্যাখতেছি না। মনে কষ্ট লইয়া বাসায় চইলা যাইতেছি।’ চোখ মুছতে মুছতেই কথা বলছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি কিছু বুঝি না। শুধু আমার বাচ্চা ফেরত চাই।’
রুনা আক্তারের স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী কাওছার হোসেন ওরফে বাবু বলেন, তাঁর সন্তান উদ্ধারে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগ ছিল না। সন্তান চুরির সঙ্গে হাসপাতালের লোকজন জড়িত বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সরকারি হাসপাতাল থেকে বাচ্চা চুরি হয়েছে। সরকারকেই বাচ্চা উদ্ধার করে দিতে হবে।
শিশুটির কোনো খোঁজ পাওয়া গেল কি না, জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন ওই নারীর মুঠোফোন নম্বর পাওয়া গেছে। সেটির সূত্র ধরে তদন্ত এগোচ্ছে।