দুঃসহ স্মৃতি ভুলতে পারেনি আদুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদুরী বেগম
আদুরী বেগম

শিশু আদুরীর মুখে হাসি লেগেই থাকত। গোটা এলাকা ছুটে বেড়াত। দুরন্ত সেই শিশুটি এখন ১৩ বছরের কিশোরী। এখন সে কারও সঙ্গে ভালো করে কথা বলে না। প্রশ্ন করলেও উত্তর দেয় না। জোরাজুরি করলে ক্ষেপে যায়। অনেক সময় ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে।

আদুরী বেগমের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের কৌরখালী গ্রামে। ৮ বছর বয়সে সে ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ নিয়েছিল। গৃহকর্ত্রীর নির্যাতনে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার পল্লবীর ডিওএইচএস এলাকা থেকে মৃতপ্রায় আদুরীকে উদ্ধার করেন দুই নারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ৭ নভেম্বর গ্রামের বাড়িতে ফিরে যায় সে। ওই ঘটনার প্রায় ৪ বছর পরও আদুরী স্বাভাবিক হতে পারেনি। নির্যাতনের স্মৃতি সে ভুলতে পারেনি।

এ ঘটনায় আদুরীর মামা নজরুল ইসলাম ২৬ সেপ্টেম্বর বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৯ অক্টোবর দুই আসামি নওরীন জাহান ও তাঁর মা ইশরাত জাহানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর ২০১৪ সালের ৬ জুন আদালত দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। নওরীন কারাগারে আছেন। জামিনে আছেন ইশরাত। ঢাকার একটি আদালতে আজ মঙ্গলবার এ মামলার রায় হওয়ার কথা।

নয় ভাইবোনের মধ্যে আদুরী সপ্তম। বাবা খালেক মৃধা মারা গেছেন। প্রতিবেশীর এক আত্মীয় আদুরীকে কাজ দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে গিয়েছিলেন। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে বাড়িতে ফেরার পর সে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হয়। বর্তমানে সে তৃতীয় শ্রেণিতে পড়ে।

গত রোববার কৌরখালী গ্রামে গিয়ে দেখে যায়, ঢাকায় যাওয়ায় জন্য আদুরী জামা-কাপড় ব্যাগে ভরছে। কেমন আছ আদুরী—এ প্রশ্নের কোনো উত্তর দিল না সে। শুধু একনজর তাকিয়ে দেখল। তার ভাবী তানজিলা বেগম এগিয়ে এসে বললেন, আদুরী আর আগের মতো নেই। ও তেমন কথা বলে না। একা একা থাকে। ঠিকমতো মাদ্রাসায়ও যায় না।

মা সাফিয়া বেগম বলেন, ‘আদুরী মাঝে মাঝে গভীর রাতে ঘুমের ঘোরে কেঁদে ওঠে। আমরা ওকে স্বাভাবিক হতে সাহায্য করছি। মামলার রায় শুনতে আমরা ঢাকায় যাচ্ছি।’