দুঃসাহসিক কর্মকাণ্ড দেখতে ময়নামতি চরে মানুষের ঢল
রোভার ও স্কাউটদের প্রতিদ্বন্দ্বিতামূলক ও দুঃসাহসিক নানা কর্মকাণ্ড দেখতে গতকাল শনিবার নারী-পুরুষ-শিশু ও শিক্ষার্থীদের ঢল নামে পঞ্চগড়ের দেবীগঞ্জের ময়নামতি চরে। গতকাল ছিল দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম কমডেকার পঞ্চম দিন।আগের দিন শুক্রবার রাতে স্কাউটদের বিভিন্ন ভিলেজে চলে নাচ-গানের আসর। এতে সরগরম ছিল ময়নামতি চরসহ গোটা দেবীগঞ্জ। অন্য দিনের মতো গতকালও সারা দিন প্রায় ছয় হাজার রোভার ও স্কাউট সদস্যের কর্মচঞ্চলতার মধ্যে কাটে।মধুপুর ভিলেজের সদস্যরা এদিন ‘গ্লোবাল ভিলেজ ও অসম্ভব’, লাউয়াছড়া ও ফাতরা বন ভিলেজের সদস্যরা ‘অদম্য স্কাউট ও ফান অ্যান্ড গেম’ এবং গজনী ভিলেজের সদস্যরা ‘স্কুল প্রোগ্রামিং ও হাইকিং’ চ্যালেঞ্জে অংশ নেন। অসম্ভব চ্যালেঞ্জে সদস্যরা রিভার ট্রান্সপোর্টার তৈরি করে নদী পার হন।এ ছাড়া রক ক্লাইম্বিং, টায়ার পার্সিং, অ্যারিয়েল রানওয়ে, ক্রসিং, রোপ সুইমিং, মেরি গো-রাউন্ড, হ্যান্ডওয়ার্ক, স্পাইডার নেট, প্যাট্রল সুইং ব্রিজ, লিফট অ্যান্ড রোপ, সাসপেনশন ব্রিজ, টাওয়ার, নদীর ওপর তাঁবু তৈরি ও রোপ মাংকি ব্রিজ তৈরি করে নানা অসম্ভব কাজকে সম্ভব করে তোলেন তাঁরা।হাইকিং চ্যালেঞ্জে সদস্যদের করতোয়া নদী পার হয়ে খয়েরবাগান গ্রামে যেতে হয়। এ জন্য নদীতে বাঁশ দিয়ে বানানো হয় বিশাল সাঁকো। চ্যালেঞ্জ গ্রামসেবার সদস্যরা গ্রামবাসীর গবাদিপশুর যত্ন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, বাগান, স্বাস্থ্যসেবা ও কৃষিসেবা বিষয়ে ধারণা দেন।ভাওয়াল ভিলেজের সদস্যরা তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট, চা-বাগান ও ঐতিহাসিক মহারাজার দিঘি পরিদর্শন করেন। গতকাল রাতে ভিলেজভিত্তিক তাঁবু জলসাও অনুষ্ঠিত হয়। এসব জলসায় সাংসদ মো. মাজহারুল হক প্রধান, নুরুল ইসলাম, টিপু মুনশী, মো. দবিরুল ইসলাম ও মাহাবুব আরা এবং পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহামঞ্চদ, দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, নীলফামারীর জেলা প্রশাসক আবদুল মজিদ ও ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।