দুঃসাহসী-কুশলী শিকারি পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঁড়িচাঁচা। ছবিটি সাতছড়ি বাগান থেকে তুলেছেন আদনান আজাদ
হাঁড়িচাঁচা। ছবিটি সাতছড়ি বাগান থেকে তুলেছেন আদনান আজাদ

দুঃসাহসী-কুশলী এই শিকারি পাখিটি ‘ক্যাচকেইচ্চা’ ও ‘কুটুম পাখি’ নামেও পরিচিত। ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশেই দেখা যায় এদের। অনেক সময় দেখা না গেলেও হেঁড়ে গলার ডাক শুনে বা হাঁস-মুরগি এবং ছোট বা মাঝারি নিরীহ পাখিদের সতর্কসংকেত শুনে এদের উপস্থিতি টের পাওয়া যায়। মূল খাদ্য নানান রকম ফল, মেঠো ইঁদুর, ব্যাঙ, নির্বিষ সাপ, কাঠবিড়ালি, ছোট পাখি, তাদের ডিম ও ছানা, পোষা হাঁস-মুরগির ছানা, ফুলের মধুরেণু, তাল ও খেজুরের রস ইত্যাদি। দুটি পাখি মিলে সুপরিকল্পিত আক্রমণ করে বড় ইগল-বাজদের নখর থেকে শিকার হাইজ্যাক করে। একটি থাকে ইগল-বাজের নিচের দিকে, অন্যটি ওপরে। হেঁড়ে গলায় ধমক-ধামক মারতেই থাকে। পায়ে শিকার, অসহায় ইগল-বাজ তাই নখর থেকে শিকার খসিয়ে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচে। এরা কাঠবিড়ালিদের ধাওয়া করে গভীর বন-বাগানেও। কাঠবিড়ালি ও মুনিয়া পাখিদের গোলগাল-বড়সড় বাসা পা বা মুখে ধরে তুলে আনে ডাকাতের মতো। পেঁপে ঠুকরে গর্ত করে পেঁপে খায়।
এদের শরীরের মাপ ও লেজের মাপ প্রায় সমান। মোট দৈর্ঘ্য ৫০ সেন্টিমিটার। ওজন গড়পড়তা ১১৫ গ্রাম। ঘন ধূসর ঘাড়-মাথা-গলা ও বুকের উপরিভাগ, তলপেট ও বুকের দুপাশ লালচে, লম্বা লেজটির আগা কালো। ডানার তলার দিকটা কিছুটা সাদা। ডানা ধূসর, ডানার প্রান্ত কালো। ঘন ধূসররঙা ঠোঁট ও পা। বাসা করে বসন্ত-গ্রীষ্মে। গাছের মগডালে অনেকটাই পাতিকাকের বাসার মতো বাসা। ডিম পাড়ে চার-পাঁচটি। ডিম ফুটে ছানা হয় ১৬-১৯ দিনে। বাচ্চারা উড়তে পারে ২৩-২৬ দিনে।