অধ্যাপক বেগজাদী মাহমুদা নাসির ছিলেন একজন দুঃসাহসী নারী। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি নারীদের শিক্ষা আন্দোলনে নিরলসভাবে কাজ করেছেন৷ তিনিই দেশে প্রথম নারীদের জন্য প্রতিষ্ঠা করেন বেসরকারি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি৷
গতকাল সকালে পুরান ঢাকার হাটখোলা রোডে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে তিন দেশ তিন জীবন নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। বইটি লিখেছেন অধ্যাপক বেগজাদী মাহমুদা নাসির। তাঁর মৃত্যুর এক বছর পর বইটি প্রকাশিত হলো।
অনুষ্ঠানে মূল বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বেগজাদী দেশ-বিদেশ ভ্রমণ করতে পছন্দ করতেন। সব শ্রেণির মানুষের সঙ্গে সহজেই মিশতে পারতেন। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতার স্মৃতি ও ইতিহাস নিয়ে তিনি এ বই লিখেছেন। বইটি পড়লে মনে হবে, তিনি পাঠকের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। দেশের অনেক গুণীজনের কথাও রয়েছে এ বইতে।
সিরাজুল ইসলাম বলেন, বেগজাদী ছিলেন দুঃসাহসী এক নারী। জীবনে ঘটে যাওয়া অনেক কঠিন পরিস্থিতি তিনি সহজেই মোকাবিলা করেছেন৷ প্রতিকূলতা অতিক্রম করে নারীদের উচ্চশিক্ষার জন্য পুরান ঢাকার হাটখোলায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ এইচ আহমেদ কামাল বলেন, বেগজাদী আধুনিক শিক্ষায় অগ্রগামী ছিলেন।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন সিমীন মাহমুদ বলেন, ১৯৫৬ সালে দেশের প্রথম বেসরকারি সেন্ট্রাল উইমেন্স কলেজ প্রতিষ্ঠা করেন বেগজাদী। দীর্ঘ ৩৬ বছর কলেজটিতে অবৈতনিক অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে তাঁর হাতেই সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৯ সালে এ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।