তাজরীন ফ্যাশনসের ভয়াবহ আগুন এবং সাম্প্রতিক কালে আলোড়ন তোলা রানা প্লাজার নজিরবিহীন বিপর্যয়ের তুলনায় স্পেকট্রাম ধসের স্মৃতি জনমনে অনেকটাই ধূসর। কিন্তু সাভারের পলাশবাড়ীর ওই দুর্ঘটনার শিকার যাঁরা, তাঁদের দুঃস্বপ্ন এখনো তাজা।
আজ থেকে নয় বছর আগের কথা। ২০০৫ সালের ১০ এপ্রিল মধ্যরাতে কর্মরত তিন শতাধিক শ্রমিকের ওপর ভেঙে পড়েছিল স্পেকট্রাম সোয়েটার ইন্ডাস্ট্রিজের নয়তলা ভবনটি। এতে নিহত হয়েছিলেন অন্তত ৬৪ জন শ্রমিক। বিভিন্ন মাত্রায় আহত হয়েছিলেন ৮৫ জন। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে সেটাই আস্ত কারখানা ভবন ধসে পড়ার প্রথম ঘটনা।
স্পেকট্রামের ধ্বংসস্তূপের ভেতরে ১৯ ঘণ্টা আটকে থেকে উদ্ধার পেয়েছিলেন নিটিং অপারেটর মোজাফফর আলী। তবে ডান পা হাঁটুর ওপর থেকে কেটে বাদ দিতে হয়েছিল। এরপর শুধু সুস্থ হওয়ার সময়টুকু নিয়েছেন তিনি। আতঙ্ক উপেক্ষা করে জীবনের তাগিদে তিন বছর পরই আবার পোশাক কারখানায় কাজ নিয়েছেন। মোজাফফরের মতো দেহ-মনে ক্ষত নিয়ে এ শিল্পে কাজ করে চলেছেন আরও অনেকে।
হতাহত শ্রমিকেরা বলেছেন, তাঁরা সবাই কমবেশি ক্ষতিপূরণ পেয়েছেন। তবে অঙ্কটা খুব বেশি নয়। স্পেকট্রামের সাতটি ক্রেতাপ্রতিষ্ঠানের মধ্যে শুধু ইন্ডিটেক্স শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসাসেবা দিতে এগিয়ে এসেছিল। কয়েকজন আহত শ্রমিককে চাকরিও দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহত হওয়া স্পেকট্রামের নিটিং অপারেটর কামরুল হাসানের সঙ্গে কথা হয় তাঁর সাভারের ডেন্ডাবরের মেসে বসে। তিনি এখন এলাকার একটি কাপড় ছাপা কারখানায় কাজ করেন। ঘটনার স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি ছিলাম সাততলায়। তখন রাত একটার মতো বাজে। আমি মেশিন ছাইড়া লাইন সুপারভাইজাররে টিফিনের তাগাদা দিতে গেলাম। ফিরা আইস্যা দেহি, মেশিন জাম হয়া রইছে। তহনই মনে হইল মাথায় কী জানি পড়ল। হাত দিয়া দেখি বালু। ফট কইরা কারেন্ট চইলা গেল। এই সময় একটা ঝাঁকি খাইল বিল্ডিংটা। কী জানি মনে হইল দৌড় মারলাম।’
নতুন ভবন বলে জানালায় কাচ লাগানো হয়নি। ছিল শুধু গ্রিল। কামরুল গ্রিল ধরতে গেলে ঝাঁকুনিতে গ্রিলও খুলে পড়ল। সাততলা থেকে তিনি দিলেন লাফ। ভাগ্যক্রমে পড়লেন কাদার মধ্যে। তাও শরীরে ২৯টা সেলাই দিতে হয়েছিল। কানে, কোমরে অস্ত্রোপচার করতে হয়। সেই আঘাতগুলোর যন্ত্রণা এখনো রয়ে গেছে। বেশি কাজের চাপ নিতে পারেন না।
নরম মাটিতে ত্রুটিপূর্ণ নকশায় তড়িঘড়ি করে তৈরি করায় নয়তলা ভবনটি ভেঙে পড়ে বলে বিশেষজ্ঞরা মত দেন। ঘটনার পর কারখানার মালিক শাহরিয়ার সাইদ হোসেনের বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর অভিযোগে মামলা হয়েছিল।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক সেই সময় শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ে কাজ করেছিলেন। তিনি বলেন, হতাহত ব্যক্তিদের সবাই ক্ষতিপূরণ পেয়েছেন। ক্ষতিপূরণের অর্থের বড় অংশটাই দিয়েছে ক্রেতা প্রতিষ্ঠান স্পেনভিত্তিক ইন্ডিটেক্স। সর্বশেষ কারখানার মালিক ২০১২ সালে নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দিয়েছেন। এতে নিহত হওয়া প্রত্যেকের পরিবার মোট ১২ লাখ টাকা করে পেয়েছে।
আমিরুল হক বলেন, মামলার পর কারখানার মালিক শাহরিয়ার সাইদ ও পরিচালক হাশেম কবির আদালতে আত্মসমর্পণ করেন। সাত দিন কারাগারে ছিলেন তাঁরা। এরপর জামিন পান। পরবর্তী সময়ে মামলাটি আদালতে খারিজ হয়ে যায়।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আখতার বলেন, ‘আমরা ওই সময় ভবনমালিকের গ্রেপ্তার ও শাস্তি চেয়েছিলাম। কিন্তু তাঁর শাস্তি নিশ্চিত করা হয়নি। মামলাটি খারিজ হয়ে যায়। মালিকের যথাযথ শাস্তি হলে ভবনের বিষয়ে মালিকেরা সচেতন হতেন। হয়তো রানা প্লাজা ধস এড়ানো যেত।’
নিহতদের জন্য মিলাদ: নিটিং অপারেটর কামরুল হাসান গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, জুমার নামাজের পর ডেন্ডাবরের নতুনপাড়া টাইলস মসজিদে স্পেকট্রামের ঘটনায় হতাহতদের জন্য দোয়া হয়েছে। এতে স্পেকট্রামের দুজন আহত শ্রমিকসহ এলাকার ১৫০ জনের মতো শ্রমিক অংশ নেন।