দুঃস্বপ্ন ভুলে বাড়ির পথে অভিবাসীরা

দুঃস্বপ্ন যাত্রার অবসান হয়েছে ১২২ অভিবাসীর। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে গতকাল বুধবার বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ভাগ্য ফেরাতে প্রায় দুই মাস আগে তারা বাড়ি ছেড়েছিল। ঝুঁকি রয়েছে জেনেও সওয়ার হয়েছিল ট্রলারে। দালালের প্ররোচনায় অবৈধভাবে সাগরপথে যেতে চেয়েছিল মালয়েশিয়ায়।
মিয়ানমার থেকে ফিরিয়ে আনা অভিবাসীদের মধ্যে ২৪টি শিশুও রয়েছে। আদালতের নির্দেশে কক্সবাজার জেলা প্রশাসন গতকাল বিকেলে তাদের রেড ক্রিসেন্ট সোসাইটির জিম্মায় দিয়েছে। রেড ক্রিসেন্টের সহায়তায় এই শিশুদের আজ বৃহস্পতিবার বাড়ি পৌঁছে দেওয়া হবে।
গত ২১ মে মিয়ানমার জলসীমায় ট্রলারে ভাসতে থাকা ২৮৪ অভিবাসীকে আটক করে সে দেশের নৌবাহিনী। ৮ জুন যাচাই-বাছাই শেষে ১৫০ জন অভিবাসীকে বাংলাদেশে ফেরত আনা হয়। দুই দিন ধরে তারা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ছিল।
ফিরিয়ে আনা অভিবাসীদের মধ্যে দুজন রোহিঙ্গা ও দুজন পলাতক আসামিও রয়েছে। এই চারজনকে কক্সবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সমুদ্রপথে অভিবাসীদের পাচারের ঘটনায় এক রোহিঙ্গাসহ ২০ দালালের বিরুদ্ধে মানব পাচারের মামলা হয়েছে।
অভিবাসীদের মধ্যে শনাক্ত হওয়া দুই রোহিঙ্গা হলেন মো. ইদ্রিস ও হামিদ হোসেন। ইদ্রিস কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের তালিকাভুক্ত শরণার্থী। আর হামিদ অনুপ্রবেশকারী রোহিঙ্গা। তিনি কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বাজারের ঠিকানা ব্যবহার করে ‘বাংলাদেশি’ হিসেবে কক্সবাজারে ফিরে আসেন। মানব পাচার মামলায় হামিদ হোসেনকে আসামি করা হয়েছে।
অভিবাসীদের মধ্যে আটক বাংলাদেশি দুই ব্যক্তি হলেন কক্সবাজারের কুতুবদিয়ার সাদ্দাম হোসেন ও যশোরের উজ্জ্বল হোসেন। পুলিশ বলছে, তিনি অস্ত্র মামলার পলাতক আসামি। আর উজ্জ্বল হোসেন হত্যা মামলার আসামি। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল দুপুরে কথা হয় নরসিংদীর শিবপুরের ফাহাদ মিয়ার (১৬) সঙ্গে। সে জানায়, ছোট্ট ট্রলারে মোট ২৮৪ জন ছিল তারা। টানা ৪০ দিন ধরে উত্তাল সাগরে ভেসেছিল তারা। কড়াকড়ির কারণে থাইল্যান্ড সীমান্তে ট্রলারটি ঢুকতে পারছিল না। ২১ মে সন্ধ্যায় দালালেরা ট্রলারটি পুনরায় মিয়ানমার সীমান্তে ফিরিয়ে নিয়ে আসে। রাতে সেখানকার নৌবাহিনী তাদের আটক করে।
চট্টগ্রামের বাঁশখালীর লোকমান কবির জানায়, ট্রলারে ৪০ দিন থাকলেও তাদের প্রতিদিন খেতে দেওয়া হতো না।
শিবপুরের মেহেদী হাসান ইমাম (১৬) জানায়, ট্রলারে নরসিংদীর ৫৫ জন লোক ছিল। আনোয়ারা, বাঁশখালী, মহেশখালী ও টেকনাফ উপকূল থেকে তাদের ট্রলারে তুলেছিল দালালেরা।
গতকাল সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, ৮ জুন মিয়ানমার থেকে ফিরিয়ে আনা ১৫০ জন বাংলাদেশির তালিকায় দুজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। এই তালিকা পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিবাসীদের জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা ও পলাতক আসামিদের শনাক্ত করেছে।
এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, অভিবাসীদের মধ্যে একজন তালিকাভুক্ত রোহিঙ্গা শরণার্থী হওয়ায় তাঁকে ফিরিয়ে আনা অন্যায় হয়নি। কিন্তু বাংলাদেশিদের তালিকায় কী করে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঢুকেছে, সে বিষয়ে অনুসন্ধান চলছে।
২৪ শিশুকে বাড়ি পৌঁছে দেবে রেড ক্রিসেন্ট: ২৪ অভিবাসী শিশুকে নিজেদের জিম্মায় নিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বৃহস্পতিবার সকাল থেকে শিশুদের নিজ নিজ বাড়ি পৌঁছে দেবেন তাঁরা।
২৪ শিশুর মধ্যে নরসিংদীর নয়জন; ঝিনাইদহ, টাঙ্গাইল ও বান্দরবানের দুজন করে; কুমিল্লা, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও চট্টগ্রামের একজন করে এবং কক্সবাজারের পাঁচজন রয়েছে। রেড ক্রিসেন্ট কার্যালয়ে নরসিংদীর ফিরোজ মিয়া (১৬) জানায়, ‘সাগরে না ভাসলে মায়ের টান বুজতাম না।’
চুয়াডাঙ্গার শফিকুল ইসলাম (১৭) জানায়, ‘রেড ক্রিসেন্টের জিম্মায় হলে নিরাপদে বাড়ি পৌঁছব। এক দিন দেরি হলেও সমস্যা নেই।’