
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের জমজমাট আসর বসেছিল সিলেট ও নরসিংদীতে। উভয় আসরেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিজ্ঞানের প্রতি নিজেদের আগ্রহের কথা জানায়।
সিলেট: সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে গত সোমবার এই উৎসবে সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ সিলেট অঞ্চলের ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল নয়টায় উৎসব উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘সৃজনশীল প্রতিভা আর মেধা থাকলে জীবনের যেকোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব।’
বিজ্ঞান প্রকল্পগুলো মূল্যায়নের জন্য বিচারকের দায়িত্বে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, অধ্যাপক দীপেন দেবনাথ, প্রাণরসায়ন ও অণুবিজ্ঞান বিভাগের প্রধান শামীম আহমদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হীরা লাল গোপ। উৎসব শেষে বিজ্ঞান কুইজে ৩০ জন এবং ১৩টি বিজ্ঞান প্রকল্পে অংশগ্রহণকারী ৩৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। উৎসবে সার্বিক সহযোগিতা দেয় সিলেট বন্ধুসভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়কারী ও বিজ্ঞান জয়োৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী মুনির হাসান, সিটি ব্যাংক সিলেটের বন্দরবাজার শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ূন কবীর, জিন্দাবাজার শাখার ভাইস প্রেসিডেন্ট মো. রাব্বি কামাল চৌধুরী, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. রেজাউর রহমান প্রমুখ।
নরসিংদী: গতকাল জেলা শিল্পকলা একাডেমীর নতুন মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে অংশ নেয় প্রায় ৪০০ শিক্ষার্থী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামাল হোসেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম হাজী মুহসীন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দিল আফরোজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খন্দকার নুরুল হক ও সিটি ব্যাংকের নরসিংদী শাখার ব্যবস্থাপক মো. নুরুজ্জামান চৌধুরী। বিচারক ছিলেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল কাফি মিঞা, মো. আমির হোসেন, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের প্রভাষক মো. মোশারফ হোসেন, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার তারিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
উৎসবে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশ নেয় সাড়ে তিন শ শিক্ষার্থী। আর প্রকল্প প্রতিযোগিতায় অংশ নেয় ৪০টি প্রকল্প। সেখান থেকে প্রতিটি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। উৎসবে সার্বিক সহযোগিতা দেয় নরসিংদী বন্ধুসভা।