দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের উছলাপাড়া এলাকায় আজ সোমবার সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নিহত নারী হলেন, লাইলি বেগম (৬০)। তিনি উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, আত্তর আলী (৩২), জাবির আহমদ (২২) ও মাসুদ বিল্লাহ (১৬)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বেলা একটার দিকে উপজেলা সদরের দক্ষিণবাজার বাসস্ট্যান্ড থেকে যাত্রাবাহী একটি অটোরিকশা ব্রাহ্মণবাজারের দিকে যাচ্ছিল। উছলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। আশপাশের লোকজন আহত যাত্রীদের উদ্ধার করেন। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক যাত্রী লাইলিকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালকেরা পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য নিহত যাত্রীর লাশ মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।