দুই অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল শিশুর

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ব্যাটারিচালিত দুই অটোরিকশার মাঝে চাপা পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অটোরিকশা দুটির চালকেরা একে অপরকে টেক্কা দিতে প্রতিযোগিতা করে চালাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম লামিয়া আক্তার। সে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার সোহরাব মণ্ডল পাড়ার লাল মিয়া মণ্ডলের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়ার গ্রামীণ পাকা সড়কে দুটি ব্যাটারি চালিত অটোরিকশার চালকেরা প্রতিযোগিতা করে চালাচ্ছিলেন। এ সময় বাড়ির সামনে থাকা শিশু লামিয়া আক্তার দুটি অটোরিকশার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শিশু লামিয়াকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর। তিনি জানান, প্রাথমিক অভিযোগ পাওয়ার পর অটোরিকশা চালকদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় শিশুটির পরিবার থেকে কোনো মামলা করা হয়নি বলে তিনি জানান।