গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে ইসলাম মিয়া (৪০) নামের এক শ্রমিক নিহত এবং দুই যাত্রী আহত হয়েছেন। নিহত শ্রমিক সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের ভোলা মিয়ার ছেলে। গাইবান্ধা সদর থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলাম মিয়া ওই দিন সন্ধ্যায় অটোরিকশায় চড়ে সুন্দরগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলেন। লক্ষ্মীপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ইসলাম মিয়া মারা যান। এ ঘটনায় ইসলাম মিয়া যে অটোরিকশায় ছিলেন, সেটির অপর দুই যাত্রীও আহত হন। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজি উর রহমান বলেন, অটোরিকশা দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি|