কলেজের কোড নম্বর একটি। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচিতি নম্বর (ইআইআইএন) একটি। কিন্তু পরিচালনা পর্ষদ দুটি। সভাপতির পাশাপাশি অধ্যক্ষও দুজন। ক্যাম্পাসও আলাদা। এ অবস্থায় ৬৮৬ জন শিক্ষার্থী এই কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ফরম পূরণ করে বিপাকে পড়েছে। তাদের এখন একমাত্র জিজ্ঞাসা, আসল ক্যাম্পাস কোনটি?
কুমিল্লা মহানগর কলেজ নিয়ে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। পরিচালনা পর্ষদের মধ্যে দ্বন্দ্বের কারণে দুই ভাগে ভাগ হয়ে গেছে প্রতিষ্ঠানটি। আলাদা স্থানে ক্যাম্পাস করেছে দুই পক্ষ। উভয় পক্ষই স্থানীয় দৈনিকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
এ অবস্থায় কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা পড়েছে চরম বিপদে। রাহুল চন্দ্র দাস নামের এক শিক্ষার্থী গতকাল সোমবার প্রথম আলোকে বলে, ‘আমি এই কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছি। কিন্তু এখন পত্রিকায় দেখলাম, কলেজের দুটি ক্যাম্পাস। কোনটি আসল, সেটাই বুঝতে পারছি না।’
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ এপ্রিল কুমিল্লা নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউর নাহার প্লাজার ষষ্ঠ তলায় অস্থায়ী ক্যাম্পাসে কুমিল্লা মহানগর কলেজের যাত্রা শুরু হয়। প্রথম দুই বছরে অনুমোদন না পাওয়ায় অন্য কলেজের নামে এখানকার শিক্ষার্থীদের নাম নিবন্ধন করা হয়। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজটি শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেলে গত বছরের ২৯ জুলাই ৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। কুমিল্লা শিক্ষা বোর্ড সাংসদকে সভাপতি হিসেবে অনুমোদনও দেয়। কিন্তু এই কমিটি ও অধ্যক্ষ নিয়ে পর্ষদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ভেঙেই যায় পর্ষদ। শুধু তা-ই নয়, ক্যাম্পাসও সরিয়ে নেওয়া হয়। ২০১৫ সালের ১৯ আগস্ট নগরের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার হাকিম প্লাজায় আলাদা ক্যাম্পাস স্থাপন করা হয়। এই অংশের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন মো. হুমায়ুন কবীর। পদুয়ার ক্যাম্পাসেই বর্তমানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। কান্দিরপাড় নাহার প্লাজায় কোনো শিক্ষা কার্যক্রম নেই।
বোর্ড সূত্র জানায়, ২০১৫ সালের ১৪ ডিসেম্বর বোর্ডের তত্কালীন চেয়ারম্যান ইন্দুভূষণ ভৌমিক পদুয়ার বাজার ক্যাম্পাসকে বন্ধ করার জন্য কলেজ অধ্যক্ষকে চিঠি দেন। কিন্তু ২৭ ডিসেম্বর হাইকোর্ট ওই আদেশ স্থগিত করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক জামাল নাসের বলেন, কান্দিরপাড় এলাকার নজরুল অ্যাভিনিউর নাহার প্লাজায় কুমিল্লা মহানগর কলেজের অনুমোদন দেওয়া হয়। নাহার প্লাজার মহানগর কলেজটি বৈধ ক্যাম্পাস। কুমিল্লা বোর্ড এই ক্যাম্পাসকেই বৈধ ঘোষণা করেছে। স্থানীয় সাংসদ ওই কমিটির সভাপতি।
কলেজের একাংশের (নাহার প্লাজা) ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এ এম মোশারফ হোসেন তাঁদের ক্যাম্পাসই বৈধ বলে দাবি করেন। পদুয়ার বাজারে কোনো শিক্ষার্থী যেন ভর্তি না হয়, সে জন্য তাঁরা বিজ্ঞপ্তি দিয়েছেন।
অপর অংশের (পদুয়ার বাজার) অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, ‘নাহার প্লাজায় কোনো শিক্ষার্থী নেই। কোনো শিক্ষক নেই। গতবারের সব শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে পড়াশোনা করছে। কুমিল্লা বোর্ডের সিদ্ধান্ত অযৌক্তিক। হাইকোর্ট বোর্ডের ওই সিদ্ধান্ত স্থগিত করেছেন। আমাদের কোথাও কোনো শাখা ক্যাম্পাস নেই।’ সাংসদ বাহাউদ্দিন ওমরাহ হজ করতে বিদেশে অবস্থান করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সাংসদের অনুসারী ও কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিল জমির উদ্দিন খান বলেন, নাহার প্লাজার কলেজই কুমিল্লা মহানগর কলেজ। এটি বোর্ড কর্তৃক অনুমোদিত।