দুই অধ্যাপকের গবেষণা জালিয়াতি তদন্তে কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে তাদের পিএইচডি গবেষণা জালিয়াতির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সভাপতিত্বে ৪৭২তম সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়। তবে অভিযুক্ত দুই শিক্ষকই তাদের গবেষণাপত্রে কোনো জালিয়াতি নেই বলে চ্যালেঞ্জ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য বলেন, রোববার বিকেলে সিন্ডিকেট সভা শুরু হয়। এতে আইন বিভাগের অধ্যাপক ড. এম আনিসুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসের পিএইচডি গবেষণায় জালিয়াতির অভিযোগ নিয়ে আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল লতিফকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুজন সদস্য হলেন সিন্ডিকেট সদস্য ডা. রুস্তম উদ্দিন আহমেদ এবং ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বকর মো. ইসমাইল।
তবে পিএইচডি গবেষণা জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন দুজন শিক্ষকই। আইন বিভাগের অধ্যাপক আনিসুর রহমান বলেন, ‘আমাকে ২০০৭ সালের জানুয়ারি মাসে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। গবেষণার বিষয় ছিল ‘বাংলাদেশের নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা’। ওই একই সময়ে অন্য একটি এমফিল গবেষণা প্রকাশিত হয়। তবে আমার গবেষণার বিষয়ে আমি বিন্দুমাত্র সন্দিহান নই। কোনো ধরনের জালিয়াতি আমি নিজেও করি না, করা পছন্দও করি না। যিনি অভিযোগ দিয়েছেন তাঁর আর আমার গবেষণার মধ্যে বিস্তর ফারাক। তদন্ত কমিটি গঠিত হয়েছে। তাঁরা তদন্ত করলে এর প্রমাণও পাবেন।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘যখন অভিযোগের কথা শুনি, আমিই উপাচার্য স্যারকে অনুরোধ করেছিলাম একটি তদন্ত কমিটি গঠনের জন্য। তাহলেই প্রমাণ হয়ে যাবে। আমার পিএইচডি গবেষণা নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো ধরনের জালিয়াতির প্রশ্নই আসে না। তদন্ত কমিটি যথাযথভাবে সবকিছু আমলে নিলে এ অভিযোগের যে কোনো ভিত্তি নেই—সেটি প্রমাণ হয়ে যাবে। মূলত আমাকে হেয় করার জন্য এ ধরনের অভিযোগ দেওয়া হয়েছে।’
এদিকে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫০ এবং স্নাতক ও ¯স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫০ ফলাফলের নিয়ম রাখা না রাখার বিষয়েও সিন্ডিকেট সভায় দীর্ঘক্ষণ আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে প্রধান করে শিক্ষক সমিতির সভাপতি, কয়েকটি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।